ECI NET বিতর্ক: দুই কমিশনারের আপত্তির পর পিছু হটলো কমিশন, ডিজি সীমা খান্নার ওপর নজরদারিতে নতুন নির্দেশ

নির্বাচন কমিশনের আইটি বিভাগের প্রধান সীমা খান্নার কাজের ওপর নজরদারির প্রশাসনিক কাঠামো ফের আগের অবস্থায় ফিরিয়ে আনা হলো। নির্বাচন কমিশনের নতুন নির্দেশ অনুযায়ী, ডিজি সীমা খান্নাকে এখন থেকে সরাসরি কমিশনের কাছে ফাইল না পাঠিয়ে নবনিযুক্ত ডেপুটি নির্বাচন কমিশনার প্রকাশরাজ পুরোহিতের মাধ্যমে কাজ করতে হবে। এর আগে গত ২৮ জুলাই আইটি বিভাগের ডেপুটি নির্বাচন কমিশনার সঞ্জয় কুমারের বদলির পর সীমা খান্নাকে সরাসরি কমিশনের কাছে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশনার এসএস সান্ধু এবং বিবেক যোশী ওই নির্দেশের বিরুদ্ধে যৌথ নোট দিয়ে তীব্র আপত্তি জানান। বিতর্ক এড়াতে এবং অভ্যন্তরীণ অসন্তোষ সামাল দিতেই কমিশন চার মাস পর এই নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

বাংলার ভোটে এআই (AI) প্রযুক্তির সাহায্যে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে সীমা খান্নার ভূমিকায় সরাসরি প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি, ইসিআই নেট (ECI NET) প্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে নাম কারচুপির অভিযোগে বিতর্ক তুঙ্গে ওঠে। যদিও কমিশনের দাবি, জুলাইয়ের বিতর্কিত নির্দেশটি দুই কমিশনারের আপত্তির কারণে কখনোই কার্যকর করা হয়নি এবং এত দিন সীমা খান্না সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানেই কাজ করেছেন। কিন্তু সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামা এবং সুনির্দিষ্ট প্রশ্ন ওঠার পর, প্রকাশরাজ পুরোহিত যোগ দিতেই এই প্রশাসনিক কাঠামোর পরিবর্তন আনুষ্ঠানিকভাবে রূপ পেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *