অভিষেকের বাড়ির সামনে তুলকালাম, জন্মদিনের রাতেই রণক্ষেত্র এলাকা!

 

অভিষেকের জন্মদিনে কালীঘাটে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, রাতভর বাড়ির বাইরে অবস্থান তৃণমূল সাংসদের

কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে শনিবার মধ্যরাতে কালীঘাটে তাঁর বাসভবনের সামনে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দীর্ঘ সময় ধরে চরম উত্তেজনা বজায় থাকে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে খবর, শনিবার মধ্যরাত ২টো নাগাদ অভিষেকের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে আসা তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপির একদল কর্মীর বিবাদ শুরু হয়। অভিযোগ, সেই সময় বিজেপি কর্মীরা ‘চোর’ স্লোগান দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, কাট-আউট ও ব্যানার ভাঙচুর করেন। এতে বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

কিন্তু এর কিছুক্ষণ পরেই পরিস্থিতি পুনরায় উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি কর্মীরা আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এসে ‘গরু চোর’ স্লোগান দিতে শুরু করেন। পাল্টা তৃণমূল কর্মীরাও স্লোগান দিতে থাকলে পুলিশি উপস্থিতিতেই দুই পক্ষ মুখোমুখি অবস্থানে চলে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশের সংখ্যা বাড়ানো হয় এবং র‍্যাফ (RAF) মোতায়েন করা হয়।

ঘটনার প্রতিবাদে রাত ২টো থেকে ভোর ৬টা পর্যন্ত বাড়ির বাইরে রাস্তায় বসে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্তব্যরত পুলিশের সঙ্গে এই সময় তাঁর তীব্র বাদানুবাদ হয়। পুলিশের পক্ষ থেকে তাঁকে বাড়িতে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। অভিষেক অভিযোগ করেন, তৃণমূলের এক কর্মীকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। শেষ পর্যন্ত আটক কর্মীকে ছেড়ে দেওয়া হলে পুলিশের অনুরোধে ভোর ৬টার দিকে তিনি বাড়ির ভেতরে যান। এর কিছু সময় পরেই তৃণমূল সাংসদ দোলা সেন তাঁর সঙ্গে দেখা করতে আসেন।

অন্যদিকে, পাল্টা অভিযোগ তুলেছে বিজেপি। তাদের দাবি, কালীপুজোর প্রতিমা নিয়ে যাওয়ার সময় তৃণমূল কর্মীরা তাদের উস্কানি দেয়, যা থেকেই এই বিবাদের সূত্রপাত। দুই দলের সংঘর্ষে উভয় পক্ষেরই বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় পুলিশি টহল জারি রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *