KYC আপডেটের মেসেজেই সর্বনাশ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও টাকা!

 

কেওয়াইসি আপডেটের নামে অবসরপ্রাপ্ত শিক্ষকের অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ময়নাগুড়ি: কেওয়াইসি (KYC) আপডেট করার প্রলোভন দেখিয়ে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল সাইবার প্রতারকদের বিরুদ্ধে। এই ঘটনায় দিশেহারা ময়নাগুড়ির বাসিন্দা হৃদয় কৃষ্ণ রায় রবিবার ময়নাগুড়ি থানায় সাইবার সহায়তা কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী শিক্ষক জানান, গত ৪ নভেম্বর তাঁর কাছে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে নিজেকে ব্যাংক আধিকারিক পরিচয় দিয়ে তাঁর ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করার কথা বলা হয়। পরদিন অর্থাৎ ৫ নভেম্বর তাঁর হোয়াটসঅ্যাপে একটি ফাইল পাঠানো হয়। প্রতারকরা তাঁকে আশ্বস্ত করে জানায়, ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই, কেবল ওই ফাইলটি ডাউনলোড করে তথ্য পূরণ করলেই কেওয়াইসি আপডেট সম্পন্ন হয়ে যাবে।

ওই শিক্ষকের অভিযোগ, সরল বিশ্বাসে ফাইলটি ডাউনলোড করার সঙ্গে সঙ্গেই তাঁর মোবাইল ফোনটি হ্যাং হয়ে যায়। এরপর নেটওয়ার্ক থাকলেও তিনি ফোন করার বা পাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেন। এর কিছুক্ষণ পরেই তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে একের পর এক টাকা কেটে নেওয়ার মেসেজ আসতে শুরু করে।

শনিবার তিনি দ্রুত সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় গিয়ে বিষয়টি জানান এবং এটিএম পরিষেবা বন্ধ করার আবেদন করেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। অভিযোগ, প্রতারকরা তাঁর অন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকেও টাকা সরিয়ে নিয়েছে। রবিবারও অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

টানা কয়েকদিন ধরে নিজের সঞ্চিত অর্থ খোয়া যাওয়ার ঘটনায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই অবসরপ্রাপ্ত শিক্ষক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সাইবার বিশেষজ্ঞদের মতে, অপরিচিত ফাইল ডাউনলোড করার ফলেই মোবাইলের নিয়ন্ত্রণ প্রতারকদের হাতে চলে গিয়েছিল, যার ফলে এই বিপত্তি ঘটেছে। সাধারণ মানুষকে এ ধরনের ফোন কল বা লিঙ্কে ক্লিক করার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *