মাছ-মাংস ভুলে ফিদা হবেন এই কমলা ফুলকপিতে, নিরামিষ রান্নাতেই মিলবে অমৃত স্বাদ!
ভাইফোঁটায় পাতে থাকুক ঠাকুরবাড়ি স্পেশ্যাল ‘কমলা ফুলকপি’, জেনে নিন সহজ রেসিপি
নিজস্ব প্রতিবেদন: ভাইফোঁটার উৎসবে ভোজনরসিক বাঙালির পাতে নতুনত্ব আনতে চাইলে তৈরি করে ফেলতে পারেন ঠাকুরবাড়ি স্পেশ্যাল ‘কমলা ফুলকপি’। নিরামিষ এই পদটি যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যকর। নিচে এর উপকরণ ও প্রস্তুত প্রণালী দেওয়া হলো:
প্রয়োজনীয় উপকরণ:
একটি মাঝারি মাপের ফুলকপি, দুটি কমলালেবুর রস (ছেঁকে নেওয়া), আদা বাটা (১ চা চামচ), জিরে বাটা (১ চা চামচ), ধনে গুঁড়ো (১ চা চামচ), হলুদ গুঁড়ো (আধ চা চামচ), স্বাদমতো লঙ্কা গুঁড়ো, গোটা জিরে ও তেজপাতা (ফোড়নের জন্য), কাঁচালঙ্কা, ঘি, নুন, চিনি ও সর্ষের তেল।
প্রস্তুত প্রণালী:
প্রথমে ফুলকপিগুলো মাঝারি আকারে কেটে পরিষ্কার করে ধুয়ে নিন। একটি পাত্রে গরম জল নিয়ে তাতে সামান্য নুন ও হলুদ মিশিয়ে ফুলকপিগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর জল ঝরিয়ে ফুলকপিগুলো তুলে নিন।
কড়াইতে সর্ষের তেল গরম করে ফুলকপিগুলো সোনালি রং করে ভেজে তুলে রাখুন। ওই তেলেই গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দিন। এরপর আদা বাটা, জিরে বাটা, ধনে ও হলুদ গুঁড়ো দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিন। মশলা কষানো হলে ভাজা ফুলকপিগুলো দিয়ে দিন। স্বাদমতো নুন, চিনি ও কাঁচালঙ্কা দিয়ে সামান্য পরিমাণ জল যোগ করুন।
সবশেষে ঢিমে আঁচে রান্না করার সময় ছেঁকে রাখা কমলালেবুর রস ছড়িয়ে দিন। গ্রেভি ঘন হয়ে এলে নামানোর আগে সামান্য ঘি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল সুস্বাদু ঠাকুরবাড়ি স্পেশ্যাল কমলা ফুলকপি।