কালীপুজোর বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ বাংলা, দিল্লিকে টেক্কা দিয়ে বিপৎসীমার উপরে হাওড়া!

 

কালীপুজোর রাতে বিষাক্ত কলকাতার বাতাস, বিভিন্ন এলাকায় দূষণমাত্রা বিপজ্জনক

নিজস্ব প্রতিবেদক, কলকাতা: কালীপুজোর প্রাক্কালে কলকাতার বাতাস ক্রমেই বিষিয়ে উঠছে। শুক্রবার থেকে শুরু হওয়া দূষণের মাত্রা শনিবার পার হয়ে রবিবার রাতে চূড়ান্ত আকার ধারণ করেছে। দেদার বাজি ফাটানোর জেরে শহরের একাধিক এলাকার বাতাসে পিএম ২.৫ (PM 2.5)-এর মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গিয়েছে। বেশ কিছু এলাকায় দূষণের মাত্রা সর্বোচ্চ সীমাও স্পর্শ করেছে।

কলকাতা ও পার্শ্ববর্তী শিল্পাঞ্চলগুলোর বাতাসের মান নিয়ে আগেই ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছিল। কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও রবিবার রাতে বাজি পোড়ানোর দাপটে পরিস্থিতির চরম অবনতি হয়েছে। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রবিবার রাতে হাওড়ার ঘুসুড়িতে পিএম ২.৫-এর মাত্রা ৫০০ (সর্বোচ্চ সীমা), রবীন্দ্রভারতীতে ৪৭৪, যাদবপুরে ৪৫৬, বেলুড়ে ৪৫৩, সল্টলেকে ৪৪৪ এবং বালিগঞ্জে ৪০৯ পর্যন্ত রেকর্ড করা হয়েছে।

পরিসংখ্যান বলছে, গত তিন দিন ধরেই দূষণের গ্রাফ ঊর্ধ্বমুখী। শুক্রবার রাতে হাওড়ার ঘুসুড়িতে দূষণমাত্রা ছিল ৩৯৭, যা শনিবার রাতে কমে ৩৫০ হলেও রবিবার তা এক লাফে ৫০০-তে পৌঁছে যায়। একইভাবে সল্টলেকে শুক্রবার ৩০৬ থেকে বেড়ে রবিবার ৪৪৪ এবং যাদবপুরে ৩১৫ থেকে বেড়ে ৪৫৬-তে দাঁড়িয়েছে।

বালিগঞ্জ ও বেলুড়ের মতো জনবহুল এলাকাগুলিতেও বাজি পোড়ানোর কারণে বায়ুর গুণমান মারাত্মকভাবে খারাপ হয়েছে। বাতাসে ধূলিকণার এই অতি উচ্চমাত্রা সাধারণ মানুষ, বিশেষ করে বয়স্ক ও শিশুদের শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন চিকিৎসকরা। পরিবেশপ্রেমীদের মতে, প্রশাসনিক সতর্কতা সত্ত্বেও বাজি পোড়ানোর প্রবণতা আটকানো সম্ভব না হওয়ায় শহরের পরিবেশগত পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *