পুলিশের দিকে তেড়ে গেলেন অভিষেক, কী বললেন তিনি?
অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, পুলিশের সাথে বচসায় জড়ালেন তৃণমূল সাংসদ
নিজস্ব প্রতিবেদক: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিজেপি কর্মী ও সমর্থকদের সাথে তৃণমূল কর্মীদের দফায় দফায় সংঘর্ষ এবং স্লোগান-পাল্টা স্লোগানকে কেন্দ্র করে গভীর রাতে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। অভিযোগ, অভিষেকের নামাঙ্কিত ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি খতিয়ে দেখতে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং বাড়ির বাইরে বেরিয়ে এলে পুলিশের সাথে তাঁর তীব্র বাদানুবাদ শুরু হয়।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরা অভিষেককে সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পুলিশকে উদ্দেশ্য করে অভিষেক বলেন, “আমি জায়গা খালি করব না। আমি একজন নির্বাচিত প্রতিনিধি, আর আপনারা জনসেবক (পাবলিক সার্ভেন্ট)। আপনারা মানুষের চাকর, আমি মানুষের প্রতিনিধি।”
অভিষেক অভিযোগ করেন যে, গভীর রাতে এলাকায় তাণ্ডব চালানো হলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তিনি পুলিশের একাংশের বিরুদ্ধে বিজেপির হয়ে ‘দালালি’ করার অভিযোগ তুলে বলেন, “আপনারা ন্যাকামো করছেন। আমাদের কর্মীদের অন্যায়ভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ১৫ মিনিটের মধ্যে তাদের মুক্তি না দিলে আমি থানায় গিয়ে অবস্থান বিক্ষোভ করব।”
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, এটি একটি পরিকল্পিত খুনের চেষ্টা। তিনি জানান, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র ও বড় বড় পাথর নিয়ে আক্রমণ চালিয়েছে। তাঁর দলের এক কর্মীর আঙুল মারাত্মক জখম হয়েছে, যার জন্য প্লাস্টিক সার্জারির প্রয়োজন রয়েছে। অন্য এক কর্মীর চোখের নিচের হাড় ভেঙে গিয়েছে বলেও তিনি দাবি করেন।
অভিষেক আরও বলেন, “এর আগেও আমার উপর একাধিকবার হামলার চেষ্টা হয়েছে। ১৯ জুন দিল্লি থেকে ফেরার সময়ও আমাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণের চেষ্টা হয়েছিল। বারবার অভিযোগ জানানোর পরেও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।”
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এ বিষয়ে বিজেপির তরফ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া যায়নি।