সন্দেশখালিতে পুলিশকে কামড়! অভিযুক্তকে ধরতে গিয়ে চরম বিশৃঙ্খলা

 

পুলিশি অভিযানে বাধা ও ধস্তাধস্তির অভিযোগ, উত্তপ্ত সন্দেশখালি

নিজস্ব প্রতিবেদক, সন্দেশখালি: এক যুবককে আটক করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের ব্যাপক ধস্তাধস্তির ঘটনা ঘটল সন্দেশখালিতে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় বিজেপির একটি মিটিং চলাকালীন পুলিশ সেখানে পৌঁছায়। দিলীপ নামে এক ব্যক্তির বাড়ি পোড়ানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে পুলিশ বিনা অপরাধে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন স্থানীয় মহিলারা। সেই সময় পুলিশের সঙ্গে গ্রামবাসীদের বচসা শুরু হয়।

মহিলাদের অভিযোগ, ঘটনাস্থলে কোনো মহিলা পুলিশ সদস্য ছিলেন না। তা সত্ত্বেও উপস্থিত পুলিশকর্মীরা তাঁদের মারধর করেন এবং শাড়ি ছিঁড়ে ফেলার মতো ঘটনা ঘটান। এই ঘটনার প্রতিবাদে গ্রামবাসী মহিলারা একজোট হয়ে পুলিশের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, তৃণমূলের আমলের মতোই বর্তমান সরকারেও তাঁরা পুলিশের দ্বারা অত্যাচারিত হচ্ছেন। এমনকি পুলিশের এক কর্মীকে কামড়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

অন্যদিকে, সন্দেশখালি থানার পুলিশ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। পুলিশের দাবি, সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে এবং এক পুলিশকর্মীকে কামড়ে আহত করা হয়েছে। পুলিশি কাজে বাধা দেওয়ার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গ্রামবাসীদের মারধর বা শাড়ি ছিঁড়ে ফেলার অভিযোগ ভিত্তিহীন বলে পুলিশ জানিয়েছে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *