অভিষেকের কেচ্ছা ফাঁস করবেন ঋজু!

 

মহিলা আইপিএস অফিসারকে নিয়ে মন্তব্যের জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি ঋজু দত্তের

নিজস্ব প্রতিবেদন: পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানাকে নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানালেন একসময়ের ঘনিষ্ঠ নেতা ঋজু দত্ত। এক মহিলা আইপিএস অফিসারের ব্যক্তিগত জীবন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে অনভিপ্রেত বলে দাবি করে তাঁকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ঋজু।

সম্প্রতি এক জনসভায় পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করেন অভিষেক। এই মন্তব্যের তীব্র সমালোচনা করে ঋজু দত্ত বলেন, একজন মহিলা আইপিএস অফিসারের ব্যক্তিগত জীবন নিয়ে জনসমক্ষে এমন কুরুচিকর মন্তব্য করা অনুচিত। এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কেও অনেক তথ্যই তাদের কাছে রয়েছে। ঋজু দাবি করেন, এক ‘বি-গ্রেড’ অভিনেত্রীর সঙ্গে অভিষেকের সম্পর্কের বিষয়টিও তাঁদের অজানা নয়।

তৃণমূল নেতার পারিবারিক অবস্থানের কথা উল্লেখ করে ঋজু আরও বলেন, অভিষেক বিবাহিত এবং দুই সন্তানের বাবা। তাই ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকাই শ্রেয়। তবে সবকিছুর একটি সীমা থাকা উচিত বলে মন্তব্য করে তিনি জানান, সীমা অতিক্রম করলে তাঁরাও মুখ খুলতে বাধ্য হবেন। যদিও এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাজনৈতিক মহলে ঋজু দত্ত একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলয়ের মুখ হিসেবেই পরিচিত ছিলেন। তৃণমূলের মুখপাত্র হিসেবে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। তবে আরজি কর ঘটনার পরবর্তী সময়ে দলের অন্দরে সমীকরণ বদলাতে থাকে এবং মুখপাত্রের তালিকা থেকে ঋজুর নাম বাদ দেওয়া হয়। দীর্ঘ সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলয়ে থাকলেও, বর্তমানে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে সক্রিয় বলে পরিচিত।

একসময়ের রাজনৈতিক মেন্টর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঋজু দত্তের এই ব্যক্তিগত আক্রমণের জেরে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল তৈরি হয়েছে। তৃণমূলের অন্দরেও এ নিয়ে শুরু হয়েছে চর্চা। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এ বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *