শুধু অধিকৃত কাশ্মীর কেন, সিলেট-চট্টগ্রাম নিয়েও বড় দাবি নিশিকান্ত দুবের!

 

চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট পুনরুদ্ধারের দাবি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের

নয়াদিল্লি: দেশভাগের সময় নেওয়া জওহরলাল নেহরুর কিছু ‘ঐতিহাসিক ভুল’ সংশোধনের দাবি তুললেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর দাবি, তৎকালীন ত্রিপুরার রাজা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের আপত্তি উপেক্ষা করেই জওহরলাল নেহরু জোরপূর্বক চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট অঞ্চলগুলো হস্তান্তর করেছিলেন।

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিশিকান্ত দুবে বলেন, ওই অঞ্চলগুলো পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হবে নাকি ভারতের অংশ থাকবে, সেই বিষয়ে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য নিজে সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন এবং তিনি এ নিয়ে দর কষাকষিও করেছিলেন। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী নেহরু সেই প্রস্তাব গ্রাহ্য করেননি।

১৯৪৬ সালের নোয়াখালী দাঙ্গার প্রসঙ্গ টেনে বিজেপি সাংসদ নেহরুর কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, সেই সময়ে প্রায় ১০ হাজার হিন্দু নিহতের ঘটনা ঘটলেও নেহরু সেখানে পরিদর্শন করতে যাননি। নেহরুর লক্ষ্য শুধুমাত্র প্রধানমন্ত্রী হওয়া ছিল বলে দাবি করে তিনি বলেন, “১৯৪৭ সালের ১৫ আগস্টের আগেই ১৯৪৬ সালের ২ সেপ্টেম্বর তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন।”

দেশভাগের ফলে চট্টগ্রাম বন্দর হারানোর মাশুল আজও উত্তর-পূর্ব ভারতকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেন নিশিকান্ত দুবে। তাঁর কথায়, চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ না থাকায় উত্তর-পূর্বাঞ্চল আজ ভারতের মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন। বন্দর না থাকায় ওই অঞ্চলের খনি, খনিজ ও গ্যাস সম্পদ পুরোপুরি ব্যবহার করা সম্ভব হচ্ছে না।

এই প্রেক্ষিতেই বিজেপি সাংসদের দাবি, দেশভাগের সময় যে ভুলগুলো করা হয়েছিল, তা সংশোধন করার সময় এসেছে। সেই ঐতিহাসিক ভুলের প্রতিকার হিসেবে চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট অঞ্চলগুলো ভারতের পুনরুদ্ধার করা উচিত বলে মত প্রকাশ করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *