সাইনবোর্ডে বাধ্যতামূলক বাংলা! সময়সীমা বেঁধে কড়া নির্দেশ নবান্নের
সরকারি প্রকল্পের তথ্যফলকে বাংলা ও নেপালি ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল নবান্ন
নিজস্ব প্রতিবেদন: রাজ্যের সরকারি প্রকল্পগুলিতে স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন ভাষানীতি ও নির্দেশিকা জারি করল নবান্ন। এখন থেকে সমতলের সরকারি প্রকল্পের তথ্যফলকে (সাইনবোর্ড) বাংলা ভাষা এবং পার্বত্য এলাকার ক্ষেত্রে নেপালি ভাষা ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে।
সম্প্রতি প্রশাসনের নজরে এসেছে যে, রাজ্যের অনেক জায়গায় সরকারি প্রকল্পের সাইনবোর্ডে কেবল ইংরেজি ভাষার ব্যবহার করা হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ প্রকল্পের উদ্দেশ্য, ব্যয় ও সময়সীমা সম্পর্কে স্পষ্ট ধারণা পাচ্ছেন না। এই সমস্যা দূর করতে পুরসভা, পঞ্চায়েত ও জেলা প্রশাসনসহ রাজ্যের সমস্ত দফতরকে নতুন নির্দেশিকা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, সাইনবোর্ডে প্রকল্পের নাম, বরাদ্দ অর্থ, তহবিলের উৎস, কাজের শুরুর তারিখ ও শেষ হওয়ার নির্ধারিত সময় এবং ঠিকাদারি সংস্থার যোগাযোগের তথ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। পার্বত্য এলাকা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং ও জিটিএ-র আওতাধীন এলাকায় নেপালি ভাষায় তথ্য প্রকাশ করতে হবে; প্রয়োজনে সেখানে বাংলার পাশাপাশি নেপালি রাখা যাবে। কেন্দ্রীয় প্রকল্পের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে— বোর্ডের প্রধান অংশে বাংলা (সমতলে) অথবা নেপালি (পাহাড়ে) ভাষাকেই প্রাধান্য দিতে হবে।
প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বর, ২০২৬-এর মধ্যে সমস্ত অসম্পূর্ণ কাজ শেষ করে নতুন নিয়ম মেনে ফলক বসাতে হবে। পুরনো ও অসম্পূর্ণ তথ্যসম্বলিত ফলকগুলিকেও এই সময়সীমার মধ্যে পরিবর্তন করতে হবে।
প্রকল্পের স্বচ্ছতা ও নজরদারি আরও বাড়াতে প্রতিটি বোর্ডে একটি করে কিউআর (QR) কোড যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। মোবাইল ফোনের মাধ্যমে এই কোড স্ক্যান করলেই প্রকল্পের অনুমোদন, আর্থিক হিসাব, কাজের বর্তমান অবস্থা এবং জিও-ট্যাগিং সংক্রান্ত যাবতীয় তথ্য সাধারণ মানুষের কাছে দৃশ্যমান হবে। পুরো বিষয়টি নিশ্চিত করার জন্য জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিও-দের নিয়মিত নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।