জানুয়ারি থেকে লাগু সপ্তম পে কমিশন! রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর
রাজ্যে সপ্তম পে কমিশন গঠনের তোড়জোড়, তথ্য তলব কমিশনের
নিজস্ব প্রতিবেদক: রাজ্যে সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) গঠনের প্রক্রিয়া জোরকদমে শুরু হয়েছে। সরকারি কর্মী, পদ, পরিষেবা এবং ক্যাডার সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়ে রাজ্যের বিভিন্ন দফতরের কাছে নির্দেশিকা পাঠিয়েছে নয়া বেতন কমিশন। কমিশনের সদস্য-সচিব দেবী প্রসাদ করণম সংশ্লিষ্ট দফতরগুলিকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।
রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুত সপ্তম পে কমিশন কার্যকর করার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই সিনিয়র আইএএস নবীন প্রকাশের নেতৃত্বে বেতন কমিশন গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “সপ্তম পে কমিশনের রিপোর্ট পেলেই আমরা তা দ্রুত কার্যকর করব। এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।” একইসঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো রাজ্যের কর্মচারীদেরও মহার্ঘ ভাতার (DA) পার্থক্য দ্রুত মিটিয়ে ফেলার আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, সাধারণত কেন্দ্র ও রাজ্যের ক্ষেত্রে দশ বছর অন্তর পে কমিশন গঠন করা হয়। রাজ্যে বর্তমানে কার্যকর ষষ্ঠ পে কমিশনের (রোপা ২০১৯) মেয়াদ গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে শেষ হয়েছে। সেই হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৬ থেকে সপ্তম পে কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার কথা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গোটা দেশে বাংলা ছাড়া অন্য সব রাজ্যেই সপ্তম পে কমিশন কার্যকর হয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সরকার শীঘ্রই অষ্টম বেতন কমিশন গঠন করতে চলেছে।
সংশ্লিষ্ট মহলের ধারণা, তথ্য সংগ্রহের কাজ শেষ হলে দ্রুত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে কমিশন। রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ মনে করছেন, কমিশনের এই তৎপরতায় নির্ধারিত সময়ের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।