‘সিনে আমার নাতির এন্ট্রি হয়েছে’, দেবদীপকেই দায়িত্ব দিলেন শিশির!

 

নতুন প্রজন্মের হাতে দায়িত্ব অর্পণ, অধিকারী পরিবারের পুজোয় সংকল্প করলেন দেবদীপ

নিজস্ব প্রতিবেদন, কাঁথি: দীর্ঘদিনের প্রথা মেনে এবারও কাঁথির মা ভবতারিণী মন্দিরে পুজো দিলেন অধিকারী পরিবারের সদস্যরা। তবে এবছর পুজোয় বিশেষ পরিবর্তন লক্ষ্য করা গেল। গতানুগতিক ধারার বাইরে গিয়ে এবার পুজোর সংকল্প গ্রহণ করলেন পরিবারের নতুন প্রজন্মের প্রতিনিধি তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাইপো দেবদীপ অধিকারী। এতদিন পর্যন্ত কাঁথির প্রাক্তন সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী এই পুজোর সংকল্প করতেন।

কালীপুজোর আগের দিন মন্দিরে উপস্থিত হয়ে শিশির অধিকারী জানান, শারীরিক সক্ষমতার কারণেই তিনি এবার এই দায়িত্বভার থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বলেন, “আমি বহু বছর ধরে ব্রতী ও সংকল্পে থাকতাম। এখন আর পারি না। তাই নতুন প্রজন্মের এন্ট্রি হয়েছে আমার নাতির। আগামী প্রজন্মের কাছে ধর্মের শিক্ষার পাঠ দেওয়া প্রয়োজন।”

এদিন মায়ের আরাধনায় শামিল হয়ে শক্তির উপাসনার তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে শিশির অধিকারী বলেন, “শক্তির আরাধনা করে আমরা বলি ‘কালী কালী মহাকালী কালিকে পাপহারিনি’, অর্থাৎ ভৈরব রূপ ধরে আমাদের সমাজে যা কিছু অমঙ্গল বা অশুভ, তার বিনাশ হোক।”

পাশাপাশি, সাম্প্রতিক সময়ে রাজ্যে নারী নির্যাতনের ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বর্ষীয়ান এই নেতা। নারী সুরক্ষার ওপর জোর দিয়ে তিনি স্পষ্টভাবে বলেন, “রাজ্যে যেভাবে ছোট ছোট মেয়েদের ওপর নির্যাতন ও নৃশংসতার ঘটনা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগজনক। মেয়েদের গায়ে হাত দেওয়া কোনোভাবেই বরদাস্ত করা যায় না। দোষীদের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন।”

এদিন মন্দিরে শিশির অধিকারীর পাশে পরিবারের অন্যান্য সদস্যদেরও উপস্থিত থাকতে দেখা যায়। পারিবারিক ঐতিহ্যের ধারা বজায় রেখে নতুন প্রজন্মের হাতে পুজোর দায়িত্ব তুলে দেওয়ার বিষয়টি কাঁথির রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *