রাত পোহালেই আবহাওয়ার বড় চমক! দক্ষিণবঙ্গ নিয়ে সতর্কবার্তা দিল হাওয়া অফিস
দক্ষিণ ও উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস নতুন সপ্তাহে
নিজস্ব প্রতিবেদক: আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদ—সর্বত্রই আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তরের তথ্যমতে, নতুন সপ্তাহের শুরুতেই কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, তবে ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা বা বৃষ্টিভেজা থাকতে পারে, এরপর থেকে ফের আবহাওয়া শুকনো হয়ে যাবে।
তাপমাত্রার বিষয়ে জানানো হয়েছে, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। পরবর্তী দুদিন তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে নতুন সপ্তাহের মাঝামাঝি সময়ে রাতের তাপমাত্রা ফের ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলোতেও আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।