কালীপুজোর রাতে শোকের মাতম, বাড়ি ফিরল ৪ বন্ধুর নিথর দেহ!

 

উত্তরাখণ্ডে তুষারঝড়ে মৃত বাঁকুড়ার ৪ অভিযাত্রীর দেহ গ্রামে ফিরল, শোকের ছায়া

বাঁকুড়া: উত্তরাখণ্ডের তুষারঝড়ে প্রাণ হারানো বাঁকুড়ার চার অভিযাত্রীর দেহ শেষ পর্যন্ত নিজ গ্রামে এসে পৌঁছাল। মঙ্গলবার সকালে দমদম বিমানবন্দর থেকে সড়কপথে দেহগুলি বাঁকুড়ার শালবনী ও কেশরা গ্রামে নিয়ে আসা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার ও গ্রামবাসীদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।

জানা গেছে, গত লক্ষ্মীপূজার আগে বাঁকুড়ার শালবনী গ্রামের চারজন এবং কেশরা গ্রামের একজন—এই পাঁচ বন্ধু গঙ্গোত্রী থেকে কেদারতাল ট্রেকিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। গঙ্গোত্রী বেসক্যাম্প থেকে অন্য একটি অভিযাত্রী দলের সঙ্গে তাঁরা গন্তব্যের পথে পা বাড়ান। সেই সময় পথে ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়ে ওই দলটির মোট আটজন অভিযাত্রী নিখোঁজ হয়ে যান।

ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করে এসডিআরএফ (SDRF), এনডিআরএফ (NDRF) এবং উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট বোর্ড। টানা ছয় দিন ধরে চলা উদ্ধার অভিযানে মোট সাতজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার হওয়া দেহগুলির মধ্যে বাঁকুড়ার চার অভিযাত্রীর দেহ পরিবারের সদস্যরা শনাক্ত করেন।

গতকাল দেহগুলি দেরাদুন থেকে বিমানে দিল্লি আনা হয় এবং সেখান থেকে দমদম বিমানবন্দরে নিয়ে আসা হয়। আজ সকালে সেখান থেকে দেহগুলি সড়কপথে বাঁকুড়ায় পৌঁছায়। তবে শালবনী গ্রামের অপর অভিযাত্রী রতন ঘোষের এখনও কোনো খোঁজ মেলেনি। শোকস্তব্ধ গ্রামবাসী ও পরিবারের সদস্যরা রতনের জীবিত ফিরে আসার ক্ষীণ আশা ধরে রেখেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *