বিএসএফ জওয়ানদের কাছে ক্ষমা চেয়ে নিলেন মুখ্যমন্ত্রী!
বিএসএফ জওয়ানদের সঙ্গে সময় কাটালেন মুখ্যমন্ত্রী, ঘোষণা করলেন ‘সীমা মিত্র সম্মান’
নিজস্ব প্রতিবেদক: হিঙ্গলগঞ্জের বিএসএফ শিবিরে গিয়ে কর্তব্যরত জওয়ানদের সঙ্গে দীপাবলি উদ্যাপন করলেন মুখ্যমন্ত্রী। জওয়ানদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি, আগের রাজ্য সরকারের আমলে বিএসএফের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক না থাকার জন্য তিনি দুঃখপ্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন।
মুখ্যমন্ত্রী জানান, নরেন্দ্র মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই বিএসএফ জওয়ানদের সঙ্গে উৎসবের দিন কাটাতেন, যা তাঁকে অনুপ্রাণিত করেছে। এদিন তিনি সীমান্তে দায়িত্ব পালনকারী জওয়ানদের জন্য বিশেষ স্বীকৃতিস্বরূপ নতুন পুরস্কার চালুর ঘোষণা করেন। ২০২৭ সাল থেকে বিএসএফ, এসএসবি এবং রাজ্য পুলিশের কর্মীদের জন্য ‘সীমা মিত্র সম্মান’ প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি।
পূর্বতন রাজ্য সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, অতীতে সীমান্তে নিরাপত্তার স্বার্থে বিএসএফের সঙ্গে যে সহযোগিতা প্রয়োজন ছিল, তা পাওয়া যায়নি। বিশেষ করে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তরের ক্ষেত্রে জটিলতা তৈরি করা হয়েছিল। তিনি বলেন, “আগের সরকারের আচরণের জন্য আমি ক্ষমাপ্রার্থী। বিএসএফের প্রতি তারা খারাপ শব্দ প্রয়োগ করেছিল এবং সীমান্ত সুরক্ষায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দেয়নি।”
সরকার পরিবর্তনের পর বর্তমানে জমি সংক্রান্ত সমস্যার সমাধান হওয়ায় অসমাপ্ত কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। এছাড়া, সীমান্তবর্তী এলাকার শিক্ষিত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের বিষয়েও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান, সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সীমান্ত এলাকার আগ্রহী যুবকদের কাজের ব্যবস্থা করা হবে।