‘পাকিস্তানের সঙ্গে থাকতে চাই না’, দীপাবলিতে মোদীর কাছে বিশেষ আর্জি বালোচ তরুণীর!

 

পাকিস্তানের শাসন থেকে মুক্তির দাবি বালোচিস্তানের, মোদীর কাছে সহায়তার আবেদন ফারাহ বালোচের

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের অধীনে বালোচিস্তানের মানুষের দুরবস্থা এবং স্বাধীনতার আকুতি তুলে ধরে সরব হয়েছেন ফারাহ বালোচ। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, বালোচিস্তানের মানুষ নিজেদের ভূখণ্ডেই ক্রীতদাসের মতো জীবনযাপন করছেন। পাকিস্তান সরকার সেখানকার জনগণকে কখনোই দেশের নাগরিক হিসেবে মর্যাদা দেয়নি বলে দাবি করেন তিনি।

ভিডিওতে ফারাহ বালোচ স্পষ্ট করে জানিয়েছেন, বালোচিস্তানের জনগণ এখন পাকিস্তানের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চান না। এই পরিস্থিতিতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বালোচিস্তানের স্বাধীনতা সংগ্রামের সমর্থনে এগিয়ে আসার এবং আন্তর্জাতিক স্তরে তাদের কণ্ঠস্বর হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন।

বালোচিস্তানের মানবিক সংকটের কথা উল্লেখ করে ফারাহ বলেন, ভারতের মানুষ উৎসবের দিনগুলোতে পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ করতে পারেন, যা বালোচিস্তানের অনেকের কাছেই স্বপ্নের মতো। ইদের মতো উৎসবের দিনেও কোয়েটা প্রেস ক্লাবের সামনে বহু পরিবারকে তাদের নিখোঁজ প্রিয়জনদের উদ্ধারের দাবিতে প্রতিবাদে শামিল হতে হয়। বালোচিস্তানের মানুষ যে অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, সেই চিত্রই তিনি তুলে ধরেন।

ভিডিওর শেষে নিজেকে ভারতের ‘ছোট বোন’ হিসেবে অভিহিত করেন ফারাহ বালোচ। তিনি দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ‘আজাদ বালোচিস্তান জিন্দাবাদ’ এবং ‘ভারত মাতার জয়’ স্লোগান দিয়ে নিজের বার্তা শেষ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *