ভারত কি সত্যিই দায়ী, ৬২৭ কোটি টাকা হারিয়ে সংকটে ইংল্যান্ড ক্রিকেট!
আর্থিক সংকটের মুখে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)
লন্ডন: সম্প্রচার স্বত্ব থেকে আয় হ্রাস এবং আইসিসির তহবিল প্রাপ্তিতে অনিশ্চয়তার কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালে ভারতীয় ক্রিকেট দলের ইংল্যান্ড সফর না থাকাই এই সংকটের অন্যতম প্রধান কারণ।
ইসবির আয়ের একটি বড় অংশ নির্ভর করে কোন দেশ তাদের দেশে খেলতে আসছে তার ওপর। ভারতীয় দলের সফর থেকে বোর্ড বিপুল পরিমাণ অর্থ আয় করে থাকে। তবে ২০২৭ সালের সূচিতে ভারতের কোনো সফর না থাকায় আয়ের বড় একটি উৎস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এছাড়া, আইসিসি থেকে ১২টি পূর্ণ সদস্য দেশ যে সম্প্রচার স্বত্বের অর্থ পাওয়ার কথা ছিল, তা বর্তমানে আটকে রয়েছে। যদিও ২০২৫ সালে ইসিবি ১২.৬ মিলিয়ন পাউন্ড পেয়েছিল, তবে তখনই বোর্ড আর্থিক ক্ষতির পূর্বাভাস দিয়েছিল, যা এখন বাস্তব রূপ নিচ্ছে।
বর্তমানে ভারতীয় বাজারের সঙ্গে ইসিবির ব্যবসায়িক সম্পর্ক অত্যন্ত গভীর। সোনি পিকচার্সের সঙ্গে ইসিবির ১৮৫ মিলিয়ন পাউন্ড বা প্রায় ২,৩২৩ কোটি টাকার একটি ছয় বছর মেয়াদী চুক্তি রয়েছে, যার মেয়াদ শেষ হবে ২০২৮ সালে। বোর্ডের এই আর্থিক অস্থিরতার প্রভাব সরাসরি কাউন্টি ক্রিকেটের ওপরও পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইংল্যান্ডের ১৮টি কাউন্টি দলের মধ্যে ১০টিই ইতিমধ্যে ক্ষতির মুখে পড়েছে। যেহেতু এই দলগুলোর আয়ের প্রধান উৎস ইসিবি, তাই কেন্দ্রীয় বোর্ড কম তহবিল পেলে কাউন্টি দলগুলোর সংকট আরও ঘনীভূত হবে।
পরিস্থিতি মোকাবিলায় ইসিবি আইসিসির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে, ২০২৭ সালের ৩১ জানুয়ারির পর সোনি পিকচার্সের সঙ্গে বর্তমান চুক্তি নবায়নের সম্ভাবনা নিয়েও কাজ করছে বোর্ড। এখন দেখার বিষয়, সব মিলিয়ে শেষ পর্যন্ত এই আর্থিক ক্ষতির পরিমাণ কত দাঁড়ায় এবং ইসিবি তা কাটিয়ে উঠতে কী পদক্ষেপ নেয়।