পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে গুলিবিদ্ধ হয়ে মৃত জনপ্রিয় সংবাদপাঠিকা রাবিয়া আহসান
পাকিস্তানের রাওয়ালপিন্ডির গুলশনাবাদ এলাকায় নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে জনপ্রিয় টেলিভিশন সাংবাদিক ও সংবাদপাঠিকা রাবিয়া আহসানের। ৪১ বছর বয়সী রাবিয়া পাকিস্তানের বেসরকারি নিউজ চ্যানেল ‘৯২ নিউজ’-এর পরিচিত মুখ ছিলেন। তিনি প্রবীণ সাংবাদিক আমির মতিন এবং রউফ ক্লাসরার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স শো সঞ্চালনা করতেন। এই ঘটনায় নিহতের স্বামী আহসান তাহির খানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় রাবিয়ার মা ও বোনেরা বাড়িতেই উপস্থিত ছিলেন। গুলির শব্দ শুনে তাঁর বোন শোবার ঘরে গিয়ে রাবিয়াকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি পিস্তল উদ্ধার করে। পাঞ্জাব ফরেনসিক সায়েন্স এজেন্সির একটি দল ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে। নিহতের ভাইয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে একটি খুনের মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বামী দাবি করেছেন, পিস্তলটি নাড়াচাড়া করার সময় ভুলবশত গুলি বেরিয়ে যায় এবং এটি একটি দুর্ঘটনা। বাড়ির এক পরিচারকও একই ধরনের জবানবন্দি দিয়েছেন। তবে পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অভিযুক্ত খুনের কথা স্বীকার করেছেন। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে রাওয়ালপিন্ডি পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।