আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ বয়কট করল স্কটল্যান্ড ক্রিকেট
আফগানিস্তানে নারী ও মেয়েদের ওপর ক্রমবর্ধমান বিধিনিষেধ এবং মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রতিবাদে আফগানিস্তান পুরুষ ক্রিকেট দলের সঙ্গে সব ধরনের দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড। সোমবার এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, আফগানিস্তানে নারী ক্রিকেটের পরিস্থিতি ও সামগ্রিক মানবাধিকার ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
স্কটল্যান্ড বোর্ড আরও স্পষ্ট করেছে যে, তারা আফগানিস্তানের পুরুষ দলকে কোনো প্রস্তুতি ম্যাচেও অংশগ্রহণের সুযোগ দেবে না। তবে আইসিসি আয়োজিত কোনো টুর্নামেন্টে যদি আফগানিস্তানের মুখোমুখি হতে হয়, তবেই কেবল তারা খেলবে। তালিবান শাসিত আফগানিস্তানে নারী শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে কঠোর বিধিনিষেধের কারণেই এমন কঠোর অবস্থান নিয়েছে স্কটল্যান্ড। এর আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডও একই কারণে আফগানিস্তানের সঙ্গে খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে।
উল্লেখ্য, ২০১৭ সালে আইসিসির পূর্ণ সদস্যপদ পাওয়ার পর আফগানিস্তান ক্রিকেটে উন্নতি করলেও ২০২১ সালে তালিবান ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলে যায়। এদিকে, আইসিসি অস্ট্রেলিয়ায় বসবাসরত আফগান শরণার্থী নারী ক্রিকেটারদের নিয়ে একটি দল গঠনের উদ্যোগ নিয়েছে, যাতে ২০৩০ সালের মধ্যে তাদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা যায়। তবে তালিবানদের সঙ্গে এই সংক্রান্ত নিয়ম প্রতি বছর পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে আইসিসি।