স্ত্রীর উচ্চশিক্ষা ও চাকরির অধিকার স্বামীর দয়া নয়, স্পষ্ট বার্তা ঝাড়খণ্ড হাইকোর্টের

বিবাহিত নারীর উচ্চশিক্ষা ও চাকরি করার অধিকারকে স্বামীর উদারতা বা দয়া হিসেবে দেখার কোনো অবকাশ নেই। ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি এম এস সোনক ও বিচারপতি মনোজ প্রসাদের ডিভিশন বেঞ্চ এক গুরুত্বপূর্ণ রায়ে এই পর্যবেক্ষণ দিয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছে, বিয়ের পর উচ্চশিক্ষা বা চাকরি করা একজন নারীর মৌলিক অধিকার। একে কোনোভাবেই নারীর উচ্চাকাঙ্ক্ষা বা স্বামীর বিশেষ অনুগ্রহ হিসেবে গণ্য করা যায় না।

মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালে বিবাহিত এক দম্পতির মধ্যে দাম্পত্য কলহ চরমে পৌঁছালে স্ত্রী শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। ২০১৯ সালে পারিবারিক আদালত সেই আবেদন খারিজ করে দেয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, স্বামী স্ত্রীকে উচ্চশিক্ষার সুযোগ দিয়ে উদারতার পরিচয় দিয়েছেন এবং স্ত্রী অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী। এই রায়ের বিরুদ্ধে স্ত্রী হাইকোর্টের দ্বারস্থ হন।

হাইকোর্ট পারিবারিক আদালতের এই লিঙ্গভিত্তিক দৃষ্টিভঙ্গির তীব্র সমালোচনা করেছে। বেঞ্চের মতে, পুরুষের ক্ষেত্রে যা স্বাভাবিক, নারীর ক্ষেত্রে তা অস্বাভাবিক বা উচ্চাকাঙ্ক্ষা হিসেবে বিবেচিত হতে পারে না। দাম্পত্য সম্পর্কের ভিত্তি হওয়া উচিত সমতা ও পারস্পরিক সম্মান। আদালত পারিবারিক আদালতের রায় খারিজ করে হিন্দু বিবাহ আইনের ১৩(১)(আইএ) ধারা অনুযায়ী ওই দম্পতির বিবাহবিচ্ছেদের নির্দেশ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *