অস্ট্রেলিয়ার ঘন জঙ্গলে ৬ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার কিশোর

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার ওয়ালহালা এলাকার একটি ঘন জঙ্গলে পথ হারিয়ে ছয় দিন নিখোঁজ থাকার পর উইলিয়াম নামে এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। গত ৬ নভেম্বর ক্যাম্পিংয়ের সরঞ্জাম আনতে গিয়ে সে দিকভ্রান্ত হয়ে পড়ে। তার কাছে কোনো খাবার, জল বা মোবাইল ফোন ছিল না। কেবল হাফপ্যান্ট ও কাজের জুতো পরা অবস্থায় সে গভীর জঙ্গলে আটকা পড়ে যায়। পাহাড়ের ঢাল থেকে পিছলে পড়ে যাওয়ার পর ঝোপঝাড়ের নিচে আশ্রয় নিয়েই সে দীর্ঘ ছয়টি রাত অতিবাহিত করে।

জঙ্গলে বেঁচে থাকার লড়াইয়ে উইলিয়ামের একমাত্র সম্বল ছিল এক প্যাকেট চিপস, যা সে অল্প অল্প করে খেয়ে ক্ষুধা নিবারণ করেছে। তৃষ্ণা মেটাতে সে ঝরনার জলের ওপর নির্ভর করেছিল। প্রতিকূল আবহাওয়া ও তীব্র ঠান্ডার মধ্যে মানসিকভাবে ভেঙে পড়লেও, জন ডেনভারের প্রিয় গান গেয়ে সে নিজেকে সাহস জুগিয়েছে। ভীতি কাটাতে বারবার গানটি গেয়ে সে মানসিক স্বস্তি খোঁজার চেষ্টা করেছে।

গত বৃহস্পতিবার ভিক্টোরিয়া পুলিশের আকাশপথে অনুসন্ধানকারী দল তাকে একটি ঝরনার পাশে খুঁজে পায়। শতাধিক উদ্ধারকারী সদস্য, পুলিশ ও প্রশিক্ষিত কুকুর এই তল্লাশি অভিযানে অংশ নিয়েছিল। হেলিকপ্টার দেখে হাত নেড়ে সংকেত দিলে পাইলট তাকে শনাক্ত করেন। উদ্ধারের পর পানিশূন্যতায় আক্রান্ত উইলিয়ামকে মেলবোর্নের আলফ্রেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। দীর্ঘ ছয় দিন পর ছেলেকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন তার মা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *