ভুয়ো সার্টিফিকেটের জেরে পদত্যাগ ইন্দোনেশিয়ার উপ-রাষ্ট্রপতির
ইন্দোনেশিয়ার উপ-রাষ্ট্রপতি গিবরান নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন। গত বুধবার তিনি প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে দীর্ঘ দিন ধরে চলা আইনি বিতর্ক এবং ইমপিচমেন্টের চাপের মুখেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। দেশের সাংবিধানিক আইন অনুযায়ী, প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ন্যূনতম হাইস্কুল পাশের যোগ্যতা থাকা বাধ্যতামূলক।
গিবরানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে গত কয়েক মাস ধরেই দেশজুড়ে তীব্র বিতর্ক চলছিল। বিষয়টি গড়ায় দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত। আদালতের পর্যবেক্ষণে উঠে আসে যে, গিবরান বিদেশ থেকে যে ডিগ্রি বা সার্টিফিকেট অর্জন করেছেন বলে দাবি করেছিলেন, তার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ তিনি পেশ করতে পারেননি। সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার শিক্ষা প্রতিষ্ঠানের নথি নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ায় তাঁর নৈতিক ও আইনি অবস্থান অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল।
পরিস্থিতি জটিল আকার ধারণ করে যখন দেশের প্রায় ১২০ জন সাংসদ তাঁকে অভিশংসন বা ইমপিচ করার দাবিতে সরব হন। সংবিধান নির্ধারিত যোগ্যতা প্রমাণে ব্যর্থ হওয়ায় তাঁর পদত্যাগ দাবি করেন সাংসদরা। এই প্রবল রাজনৈতিক চাপের মুখে মঙ্গলবার প্রেসিডেন্টের সঙ্গে জরুরি বৈঠক করেন গিবরান। বিশ্লেষকদের মতে, এই ঘটনার নেপথ্যে ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ ক্ষমতার রাজনীতির সমীকরণও কাজ করছে। সংবিধান অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে দেশটিতে নতুন উপ-রাষ্ট্রপতি নির্বাচন করা হবে।