পুরভোটের আগে কংগ্রেসকে জোটের বার্তা মহম্মদ সেলিমের

পুরনির্বাচনের প্রাক্কালে কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা নিয়ে মুখ খুললেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট জানান, কংগ্রেসকে আগে তৃণমূল কংগ্রেসের প্রতি ‘মায়া ত্যাগ’ করতে হবে। তিনি আরও বলেন, অতীতে বামেরা কংগ্রেসের সঙ্গে কাজ করেছে এবং ভবিষ্যতেও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে সিপিএম কোনোভাবেই কাস্টিস্ট, কমিউনাল, ক্রিমিনাল এবং কোরাপ্ট—এই চার শক্তির সঙ্গে হাত মেলাবে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন।

হাওড়া পুরনিগমের ওয়ার্ড পুনর্গঠন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছে সিপিএম। সেলিমের অভিযোগ, কোনো আইন না মেনেই রাজ্য সরকার ও শাসকদল ওয়ার্ড বিভাজন করেছে। বাম আমলে তৈরি হাওড়া কর্পোরেশন আইনের নিয়ম এখানে মানা হয়নি বলে তিনি দাবি করেন। ভোটারদের মুখ দেখে ওয়ার্ড ভাঙার অভিযোগ তুলে তিনি সংশ্লিষ্ট কমিশনারকে আইনি পরিণতির বিষয়ে সতর্ক করেছেন।

বিজেপির বিরুদ্ধে তোপ দেগে সেলিম অভিযোগ করেন, তোলাবাজির সুযোগ করে দিতেই ভোট পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সিপিএম ভোট পিছোনোর দাবি জানায়নি, বরং পুরনো ওয়ার্ড বিন্যাস মেনেই অবিলম্বে নির্বাচনের দাবি তুলেছে। ‘জ্ঞানেশ তাড়াও, ভোটার ফেরাও’ স্লোগানকে সামনে রেখে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে দল। বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদার করতে সমস্ত বামপন্থী শক্তি এবং ভুক্তভোগী সাধারণ মানুষকে এক ছাতার তলায় আনার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *