স্কুলে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা: পড়াশোনায় উন্নতির দাবি মার্কিন গবেষণায়
স্কুলে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করলে পড়ুয়াদের মেধা ও পরীক্ষার ফলাফলে উল্লেখযোগ্য উন্নতি ঘটে। হাভার্ড ইউনিভার্সিটির সেন্টার ফর এডুকেশন পলিসি রিসার্চের সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত আমেরিকার ৪,৬০০টি স্কুলের ৩৩ লক্ষ ছাত্রছাত্রীর ওপর এই সমীক্ষা চালানো হয়। গবেষণায় দেখা গেছে, যে সমস্ত স্কুলে মোবাইল ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে, সেখানকার পড়ুয়াদের গণিত ও পঠনপাঠনের দক্ষতা অন্যদের তুলনায় অনেক বেশি উন্নত। গবেষকদের মতে, এই ইতিবাচক পরিবর্তনটি বছরজুড়ে অতিরিক্ত এক থেকে দুই সপ্তাহ বাড়তি ক্লাস করার সমতুল্য।
বিশেষজ্ঞদের মতে, হাতের কাছে ফোন না থাকলে পড়ুয়াদের মনোযোগ বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। সোশ্যাল মিডিয়া বা মেসেজের নোটিফিকেশন চেক করার প্রবণতা না থাকায় তারা ক্লাসে শিক্ষকের পড়া বুঝতে এবং জটিল প্রশ্নের উত্তর দিতে বেশি সময় পায়। বর্তমানে আমেরিকার ৪৬টি রাজ্যে স্কুলগুলিতে মোবাইল ফোন নিয়ন্ত্রণের বিভিন্ন নিয়ম চালু রয়েছে। কোথাও ফোন সারাদিনের জন্য বাক্সে লক করে রাখা হয়, আবার কোথাও নির্দিষ্ট সময়ে ব্যবহারের অনুমতি দেওয়া হয়। তবে গবেষকদের মতে, সারাদিনের জন্য কঠোর নিষেধাজ্ঞা জারি করাই সবচেয়ে বেশি ফলপ্রসূ।
মোবাইল থেকে দূরে থাকার সুফল কেবল পরীক্ষার ফলের মধ্যেই সীমাবদ্ধ নয়। শিক্ষকদের একাংশের মতে, ফোন ব্যবহারের সুযোগ না থাকায় পড়ুয়ারা একে অপরের সঙ্গে সামনাসামনি মেলামেশা ও খেলাধুলার সুযোগ পাচ্ছে। এর ফলে তাদের সামাজিক আচরণ ও মানসিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটছে। যদিও গবেষকরা মনে করেন, কেবল মোবাইলে নিষেধাজ্ঞা চাপিয়েই শিক্ষা ব্যবস্থার সমস্ত ত্রুটি দূর করা সম্ভব নয়, তবে এটি অত্যন্ত কম খরচে পড়ুয়াদের সামগ্রিক বিকাশে একটি কার্যকর পদক্ষেপ হতে পারে।