মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সতীর্থের দুর্ব্যবহার, ভাইরাল আকাশ চোপড়ার পুরনো ভিডিও
ভারতের প্রাক্তন ওপেনার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়ার একটি পুরনো ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন করে চর্চা শুরু হয়েছে। ভিডিওটিতে দাবি করা হয়েছে, ২০২৩ সালের আইপিএল চলাকালীন চেন্নাই সুপার কিংসের এক সতীর্থ মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। আকাশ চোপড়ার ভাষ্য অনুযায়ী, সেই ঘটনার পর দলের অন্য এক সদস্য ধোনির কাছে গিয়ে অভিযুক্ত ক্রিকেটারকে দল থেকে বহিষ্কার করার দাবি জানিয়েছিলেন।
তবে সেই পরিস্থিতিতেও ধোনি নিজের শান্ত স্বভাব বজায় রেখেছিলেন। তিনি অভিযুক্ত ক্রিকেটারের ম্যাচ জেতানোর সহজাত ক্ষমতার কথা বিবেচনা করে তাঁকে দল থেকে বাদ না দেওয়ার সিদ্ধান্ত নেন। আকাশ চোপড়া তাঁর ভিডিওতে অভিযুক্ত ক্রিকেটারের নাম উল্লেখ করেননি। তবে নেটপাড়ায় জোর জল্পনা শুরু হয়েছে যে, সেই ক্রিকেটার হলেন বাঁ-হাতি পেসার আকাশ সিং, যিনি সেই মরশুমে চেন্নাই সুপার কিংসের স্কোয়াডে ছিলেন। যদিও এই দাবির কোনো আনুষ্ঠানিক সত্যতা মেলেনি।
আকাশ সিং ২০২১ সালে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে অভিষেক করেন। পরবর্তীতে ২০২৩ সালে তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে ৬টি ম্যাচ খেলে ৫টি উইকেট সংগ্রহ করেছিলেন। ওই মরশুমের পর চেন্নাই তাঁকে রিলিজ করে দেয়। আইপিএল কেরিয়ারে তিনি মোট ১২টি ম্যাচ খেলে ১৩টি উইকেট নিয়েছেন। ধোনির মতো একজন শান্ত অধিনায়কের সঙ্গে এমন আচরণের ঘটনা প্রকাশ্যে আসায় ক্রিকেট মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।