ইরান নিয়ে তাড়াহুড়ো নয়, নতুন বছরের শুরুতে পরিস্থিতির দিকে নজর ট্রাম্পের
ইরান সংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নতুন বছরের শুরুতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা পর্যবেক্ষণ করতে চান তিনি। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ক্রমাগত চাপের মুখে ট্রাম্পের এই অবস্থানকে কূটনৈতিক ও সামরিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও ইরানের বিরুদ্ধে বড় কোনো সামরিক অভিযানের সম্ভাবনা কম বলে ইঙ্গিত দিয়েছেন তিনি, তবুও ইজরায়েলের সঙ্গে যৌথ অভিযানের বিষয়টি পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়নি।
সম্ভাব্য সামরিক পদক্ষেপের ক্ষেত্রে ইরানের পরমাণু স্থাপনা, বিদ্যুৎকেন্দ্র, সেতু এবং সামরিক ও অসামরিক নেতৃত্বের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে বলে জানা গেছে। তবে এই ধরনের পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস পরিকাঠামোয় বড় ধরনের পাল্টা আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছে হোয়াইট হাউস। পেন্টাগন ও গোয়েন্দা সংস্থাগুলোকে ইরানের সম্ভাব্য পাল্টা আক্রমণের বিষয়ে বিস্তারিত মূল্যায়ন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, ইরানের বিরুদ্ধে সামরিক তৎপরতা বাড়াতে তৎপর ইজরায়েল। সম্প্রতি মোসাদ প্রধান রোমান গফম্যান ওয়াশিংটন ও মায়ামিতে সিআইএ প্রধান জন র্যাটক্লিফ এবং হোয়াইট হাউসের বিশেষ দূতের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ইরানের রাসায়নিক অস্ত্র সংক্রান্ত তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইজরায়েল। তাদের দাবি, তেহরান রাসায়নিক অস্ত্র নিয়ে গবেষণা ও পরীক্ষা চালাচ্ছে। এই নতুন গোয়েন্দা তথ্য সম্পর্কে ট্রাম্পকে ইতিমধ্যেই অবহিত করা হয়েছে বলে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।