জলপাইগুড়ি জেলা স্কুল: ১১ ঘণ্টা পরেও অসম্পূর্ণ চার্জ হস্তান্তর, ফের তলব প্রাক্তন প্রধান শিক্ষককে
জলপাইগুড়ি জেলা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ধর্মচাঁদ বাড়ুইয়ের বিরুদ্ধে চার্জ হস্তান্তরের প্রক্রিয়া দীর্ঘ ১১ ঘণ্টা ধরে চললেও তা সম্পন্ন হয়নি। বৃহস্পতিবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত এই প্রক্রিয়া চলার পরেও স্কুলের ৪২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, চেকবই এবং ফিক্সড ডিপোজিটের হিসাব বুঝে পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে জেলা স্কুল পরিদর্শক সুজিত সরকার শুক্রবার ফের প্রাক্তন প্রধান শিক্ষককে স্কুলে এসে চার্জ বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
চার্জ হস্তান্তর প্রক্রিয়ার সময় স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীনবন্ধু ঘোষ এবং স্কুলের দুই আইনজীবী গৌতম পাল ও গৌতম তলাপাত্র উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় ধরে কাজ চলার পর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাত ১০টা নাগাদ প্রক্রিয়াটি স্থগিত রাখার অনুরোধ জানান। জেলা স্কুল পরিদর্শক জানান, স্কুলের বিপুল সংখ্যক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হিসাব মেলাতে সময় প্রয়োজন, তাই শুক্রবার পুনরায় এই কাজ সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর মিড-ডে মিলের খাবার নিয়ে ছাত্র ও প্রধান শিক্ষকের মধ্যে বচসা ও মারধরের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার জেরে উত্তাল পরিস্থিতির পর শিক্ষামন্ত্রীর নির্দেশে অভিযুক্ত চার ছাত্রকে টিসি দেওয়া হয় এবং ২৪ সেপ্টেম্বর ধর্মচাঁদ বাড়ুইকে মেটেলিতে বদলি করা হয়। দীর্ঘ সময় পর তিনি চার্জ হস্তান্তরের জন্য স্কুলে এলেও তা সম্পন্ন করতে ব্যর্থ হন। প্রাক্তন প্রধান শিক্ষক এ বিষয়ে সংবাদমাধ্যমের কাছে কোনো মন্তব্য করেননি।