তিতুমীরের বাংলায় রবীন্দ্রনাথের ছবিতে কালি, ক্ষোভের আগুনে বাংলাদেশ!
খুলনায় রবীন্দ্রনাথের ম্যুরালে কালি ছিটিয়ে বিকৃতি, নিন্দা ও ক্ষোভ
খুলনা: খুলনা রেলওয়ে স্টেশনের প্রাচীরে অঙ্কিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি ছিটিয়ে বিকৃত করার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে বিষয়টি নজরে আসার পর স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে রেল স্টেশন প্রাচীরে বিশিষ্ট সাহিত্যিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিকৃতি আঁকা হয়েছিল। ওই দেয়ালে ফকির লালন শাহ, এস এম সুলতান, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত ছাড়াও প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতি রয়েছে। এর মধ্যে শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতেই কালি ছিটিয়ে বিকৃত করা হয়েছে।
ঘটনাস্থলে একটি পোস্টার পাওয়া গেছে, যেখানে লেখা ছিল, “যিনি মুসলমান ও পূর্ব বাংলার প্রতি শত্রুভাবাপন্ন ছিলেন, সেই রবীন্দ্রনাথের ঠাঁই তিতুমীরের বাংলায় নেই।”
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, শুক্রবার বিকেলে তারা এ ঘটনার কথা জানতে পারেন। তিনি বলেন, “শুক্রবার রাস্তার উল্টোদিকে থাকা দোকানপাট বন্ধ থাকায় কে বা কারা, কখন ম্যুরালটি বিকৃত করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”
এদিকে, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, “শিশু ও কিশোরদের মধ্যে মুক্তচিন্তা ও মননশীলতার প্রসার ঘটানোর লক্ষ্যেই প্রতিকৃতিগুলো স্থাপন করা হয়েছিল। প্রতিকৃতি বিকৃত করার মাধ্যমে দুষ্কৃতকারীরা তাদের চরম সংকীর্ণ ও অসুস্থ মানসিকতার পরিচয় দিয়েছে।”
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে সিটি করপোরেশনের পক্ষ থেকে এই শিল্পকর্মের উদ্যোগ নেওয়া হয়েছিল। বর্তমানে ওই এলাকায় বাড়তি নজরদারি বাড়ানো হয়েছে।