চন্দন তিলক পরায় স্কুল থেকে বহিষ্কার, বিচার চেয়ে আদালতের দ্বারস্থ বাবা!
তিলক পরায় হেনস্তা, লন্ডনের স্কুলের বিরুদ্ধে ২৫ হাজার পাউন্ড ক্ষতিপূরণের মামলা
লন্ডন: কপালে চন্দন তিলক পরে স্কুলে যাওয়ায় হেনস্তার শিকার হতে হয়েছে ভারতীয় বংশোদ্ভূত এক হিন্দু ছাত্রকে— এমন অভিযোগে পশ্চিম লন্ডনের ‘ভাইকারস গ্রিন প্রাইমারি স্কুল’-এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ওই ছাত্রের অভিভাবক। এ ঘটনায় সন্তানের শিক্ষার ক্ষতিপূরণ বাবদ স্কুল কর্তৃপক্ষের কাছে ২৫ হাজার পাউন্ড দাবি করা হয়েছে।
ভুক্তভোগী ওই ছাত্র ছোট থেকেই স্বামীনারায়ণ ধর্মের অনুসারী। অভিযোগ, বাড়িতে চন্দন তিলক পরে থাকার মতোই স্কুলে যাওয়ার সময়ও সে কপালে তিলক ধারণ করত। কিন্তু স্কুলে তাকে এ নিয়ে একাধিকবার প্রশ্নবাণ ও কটুক্তির সম্মুখীন হতে হয়। এক পর্যায়ে স্কুল কাউন্সিল তাকে ক্লাস থেকে বের করে দেয় বলে অভিযোগ। লাগাতার এই মানসিক হেনস্তার জেরে ওই ছাত্র মানসিকভাবে ভেঙে পড়লে গত বছর অভিভাবকরা তাকে ওই স্কুল থেকে ছাড়িয়ে অন্য বিদ্যালয়ে ভর্তি করতে বাধ্য হন।
লন্ডনের ‘আশ্রয়’ নামক একটি আইনি পরামর্শদাতা সংস্থার মাধ্যমে এই মামলাটি দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট আইনজীবী জানান, এটি কেবল একটি নির্দিষ্ট ঘটনা নয়, বরং ব্রিটেনে স্বাধীনভাবে ধর্মাচরণের অধিকারের পরিপন্থী। তিনি আরও বলেন, “ব্রিটেনে প্রতিটি শিশুর স্বাধীনভাবে বড় হওয়ার অধিকার রয়েছে। প্রায় ১০ লক্ষ হিন্দু ধর্মাবলম্বীর বিশ্বাস ও ভাবাবেগে আঘাত হানা হয়েছে।”
আইনজীবী আশাপ্রকাশ করেন যে, আদালতের রায়ে শিশুদের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার রক্ষার বিষয়টি নিশ্চিত হবে। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে মামলার বিষয়টি প্রকাশ্যে আসতেই ব্রিটেনে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।