হোমস্টে ব্যবসায় নামছেন? সাবধান, বাধ্যতামূলক রেজিস্ট্রেশন ও নতুন পোর্টাল চালু!

 

রাজ্য সরকারের নতুন হোমস্টে পোর্টাল চালু, এখন থেকে অনলাইনেই মিলবে রেজিস্ট্রেশন

নিজস্ব প্রতিবেদক: পর্যটন শিল্পকে আরও সুসংগঠিত ও প্রযুক্তিগতভাবে উন্নত করতে নতুন ‘হোমস্টে পোর্টাল’ চালু করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ আনুষ্ঠানিকভাবে এই পোর্টালের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, বিশ্ব পর্যটনের ডিজিটাল অগ্রগতির সঙ্গে তাল মেলাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার এবং প্রযুক্তিভিত্তিক তথ্যভাণ্ডার গড়ে তোলা এখন সময়ের দাবি। রাজ্যের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা অননুমোদিত হোমস্টেগুলিকে চিহ্নিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রেজিস্ট্রেশন পদ্ধতি:
নতুন এই পোর্টালে হোমস্টে মালিকরা নিজেরাই সেলফ রেজিস্ট্রেশন করতে পারবেন। পোর্টালে রেজিস্ট্রেশনের জন্য মালিকদের সক্রিয় মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। ওটিপি (OTP) ভেরিফিকেশনের মাধ্যমে লগ-ইন করার পর প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। পাশাপাশি, ম্যাপের মাধ্যমে হোমস্টের সঠিক অবস্থান চিহ্নিত করা বাধ্যতামূলক। এই লোকেশন ম্যাপ থাকার ফলে পর্যটকরা সহজেই হোমস্টের ঠিকানা খুঁজে পাবেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি রাজ্য সরকারের অনুমোদিত কি না, তা যাচাই করতে পারবেন।

পর্যটন মহলের প্রতিক্রিয়া:
রাজ্য সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীরা। হেল্প ট্যুরিজমের কর্ণধার রাজ বসু বলেন, “এটি অত্যন্ত জরুরি একটি উদ্যোগ। হোমস্টেগুলিকে বিধিবদ্ধ কাঠামোর আওতায় আনার পাশাপাশি পর্যায়ক্রমে জেলাভিত্তিক প্রশিক্ষণেরও প্রয়োজন রয়েছে।” ব্যবসায়ীদের মতে, হোমস্টে পরিচালনার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা বিধি ও পরিষেবার গুণমান বজায় রাখার বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ওয়ার্কশপ করা জরুরি।

পর্যটন দফতর সূত্রে জানা গেছে, বিগত কয়েক বছরে উত্তরবঙ্গে হাজার হাজার হোমস্টে গড়ে উঠলেও তার বড় অংশই এখনো সরকারি নিবন্ধনের বাইরে। নতুন এই পোর্টালের মাধ্যমে সমস্ত হোমস্টে মালিকদের তথ্যভাণ্ডার তৈরি হবে, যা পর্যটন শিল্পের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *