চন্দন তিলক পরায় ক্লাস থেকে বহিষ্কার, স্কুলের বিরুদ্ধে মামলা করলেন ক্ষুব্ধ বাবা!

 

ধর্মীয় পরিচয়ের কারণে হেনস্তা, লন্ডনের প্রাইমারি স্কুলের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা

লন্ডন: কপালে চন্দন তিলক পরায় এক ভারতীয় বংশোদ্ভূত হিন্দু ছাত্রকে হেনস্তা করার অভিযোগ উঠল পশ্চিম লন্ডনের ভাইকারস গ্রিন প্রাইমারি স্কুলের বিরুদ্ধে। এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত ওই ছাত্রের বাবা স্কুলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন এবং ২৫ হাজার পাউন্ড ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ছোটবেলা থেকেই স্বামীনারায়ণ ধর্মের অনুসারী ওই ছাত্র স্কুলে যাওয়ার সময় কপালে চন্দন তিলক পরত। এই কারণে তাকে বিদ্যালয়ের অন্দরে বারবার কটূক্তি ও জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়। এক পর্যায়ে স্কুল কাউন্সিল তাকে ক্লাস থেকে বের করে দেয়। ক্রমাগত এই মানসিক চাপের মুখে পড়ে গত বছর অভিভাবকরা বাধ্য হয়ে সন্তানকে ওই স্কুল থেকে ছাড়িয়ে অন্য বিদ্যালয়ে ভর্তি করান।

লন্ডনের ‘আশ্রয়’ নামক একটি আইনি পরামর্শদাতা সংস্থার মাধ্যমে ওই ছাত্রের বাবা মামলাটি দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে আইনজীবী জানান, এটি কেবল একটি নির্দিষ্ট ঘটনা নয়, বরং এটি ব্রিটেনে স্বাধীনভাবে ধর্মাচরণের অধিকারের পরিপন্থী। তিনি আরও বলেন, ব্রিটেনে বসবাসকারী প্রায় ১০ লক্ষ হিন্দু নাগরিকের ধর্মীয় বিশ্বাসকে এই ঘটনায় আঘাত করা হয়েছে। প্রতিটি শিশুর স্বাধীনভাবে বেড়ে ওঠার অধিকার রয়েছে এবং তাদের পড়াশোনার সময় ধর্মীয় বিশ্বাসে বাধা দেওয়া আইনত দণ্ডনীয়।

আইনজীবীর মতে, এই মামলাটি কেবল ক্ষতিপূরণের নয়, বরং শিশুদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার বিষয়টিকেও আদালতের সামনে তুলে ধরবে। আদালত ন্যায়বিচার করবে বলে আশাবাদী ভুক্তভোগী পরিবার ও তাদের আইনি প্রতিনিধি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট স্কুলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *