নকশালবাদের পতন, এবার লড়াই বুদ্ধিজীবীদের সঙ্গে!

 

সশস্ত্র নকশালবাদের যুগ শেষ, এখন লড়াই ‘দিমাগি নকশাল’দের সঙ্গে: দীপাবলিতে বার্তা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: বরাবরের মতো এবারও দীপাবলির পুণ্যলগ্নে দেশের জওয়ানদের সঙ্গে উৎসব উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছত্তিশগড়ের বস্তারের মতো একসময়ের নকশাল অধ্যুষিত এলাকায় গিয়ে সিআরপিএফ (CRPF) জওয়ানদের সঙ্গে দীপাবলি কাটান তিনি। এদিনের ভাষণ থেকে তিনি নকশালবাদ নির্মূলে সরকারের সাফল্য যেমন তুলে ধরেন, তেমনই বিরোধীদের বিরুদ্ধেও কড়া আক্রমণ শানান।

প্রধানমন্ত্রী বলেন, “এটাই প্রথম দীপাবলি, যখন দেশের প্রতিটি জেলা নকশালবাদমুক্ত। এই সাফল্যের পুরো কৃতিত্ব আমাদের জওয়ানদের ত্যাগ এবং নিষ্ঠার প্রাপ্য।” নকশালবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের কথা স্মরণ করে তিনি জানান, একসময় দেশের ২০টি রাজ্যের ২৩০টিরও বেশি জেলা বামপন্থী চরমপন্থার কবলে ছিল। সন্ধ্যা নামলেই জীবনযাত্রা থমকে যেত, এমনকি সাধারণ মানুষের ভোটাধিকারও কেড়ে নেওয়া হয়েছিল। হাজার হাজার গ্রাম বছরের পর বছর নকশাল হামলার শিকার হয়েছে। সেই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার নেপথ্যে জওয়ানদের আত্মত্যাগই প্রধান শক্তি বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী আরও জানান, বিগত ৪৭ বছরে এই প্রথমবার গত এক বছরে কর্তব্যরত অবস্থায় কোনও সিআরপিএফ জওয়ান প্রাণ হারাননি। তিনি বলেন, “আমাদের সরকার এমন সব সিদ্ধান্ত নিয়েছে যা নকশাল ও বিচ্ছিন্নতাবাদীদের আর্থিক মেরুদণ্ড ভেঙে দিয়েছে। জাল মুদ্রার নেটওয়ার্ক ধ্বংস করার পাশাপাশি তাদের সাপ্লাই চেন ব্যাহত করা হয়েছে।”

এদিন কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, “গরিবি হটাও স্লোগান কয়েক দশকে যা করতে পারেনি, তা গত ১২ বছরেই দৃশ্যমান হয়েছে। যেখানেই নকশালদের প্রভাব ছিল, সেখানেই তারা উন্নয়নকে স্তিমিত করেছে। শিশুদের জন্য স্কুল খুলতে দেওয়া হয়নি, বরং স্কুলগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।”

ভাষণের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী এক নতুন সতর্কবার্তা দেন। তিনি বলেন, “জঙ্গল থেকে সশস্ত্র নকশালদের নির্মূল করা সম্ভব হয়েছে। কিন্তু এখন আমাদের লড়াই ‘দিমাগি’ (মানসিক) নকশালদের সঙ্গে। এই বুদ্ধিদীপ্ত নকশালরা এখন বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলে অনুপ্রবেশ করেছে। তারা সংবিধান ও গণতন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষকে উসকানি দিয়ে চলেছে। আমাদের অবশ্যই এই শক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং তাদের পরাজিত করে দেশকে সুরক্ষিত রাখতে হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *