কুনজর মানেই যৌন লালসা নয়, নজিরবিহীন পর্যবেক্ষণ আদালতের!
যৌন হেনস্থার অভিযোগ ভিত্তিহীন, কর্ণাটক হাইকোর্টে খারিজ মামলা
বেঙ্গালুরু: এক মহিলার আনা যৌন হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে দায়ের করা ফৌজদারি মামলা খারিজ করে দিল কর্ণাটক হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, অভিযোগকারী মহিলা তাঁর প্রাথমিক বয়ান থেকে সরে আসায় এবং অভিযোগের স্বপক্ষে কোনো অকাট্য প্রমাণ না থাকায় এই মামলা চালিয়ে যাওয়া অর্থহীন।
মামলার বিবরণে জানা যায়, আর্থিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে গিয়েছিলেন ওই মহিলা। অভিযোগ ছিল, সেখানে অভিযুক্ত ব্যক্তি তাঁকে শারীরিক সম্পর্কের বিনিময়ে টাকা ও অন্যান্য সুবিধা দেওয়ার প্রস্তাব দেন। এছাড়া, টাকা ফেরত না দিলে অভিযুক্ত তাঁকে শারীরিক নিগ্রহের হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ করা হয়েছিল।
তবে তদন্তের পরবর্তী পর্যায়ে ওই মহিলা তাঁর পূর্বের বয়ান থেকে সরে আসেন। পুলিশের কাছে দেওয়া পরবর্তী বিবৃতিতে তিনি মূল অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, অভিযুক্ত ব্যক্তি তাঁকে শারীরিক সম্পর্কের কোনো প্রস্তাব দেননি, বরং তাঁর দিকে ‘কুনজরে’ তাকিয়েছিলেন মাত্র। এমনকি, শারীরিক নিগ্রহের হুমকির অভিযোগটিও তিনি প্রত্যাহার করে নেন।
আদালত এই বিষয়ে পর্যবেক্ষণে জানিয়েছে, মহিলার বর্তমান বয়ান অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে কোনো যৌন সুবিধার দাবি করার বিষয়টি প্রমাণিত হয় না। শুধুমাত্র কুনজরে তাকানোর অভিযোগটি ফৌজদারি দণ্ডবিধির অধীনে যৌন হেনস্থার অপরাধ হিসেবে গণ্য হতে পারে না। তদন্তে অন্য কোনো তথ্য বা প্রমাণের অভাব থাকায় এবং অভিযোগকারিণীর বয়ানের অসামঞ্জস্যতার কারণে আদালত অভিযুক্তের বিরুদ্ধে দায়ের করা মামলাটি খারিজ করার নির্দেশ দিয়েছে।