‘পাকিস্তানের সঙ্গে থাকতে চাই না’, দীপাবলিতে মোদীর কাছে বিশেষ আর্জি বালোচ তরুণীর!

 

পাকিস্তানের বিরুদ্ধে বালোচিস্তানের স্বাধীনতা ও ভারতের সমর্থনের ডাক ফারাহ বালোচের

নিজস্ব প্রতিবেদন: বালোচিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি স্বাধীনতার ডাক দিয়েছেন ফারাহ বালোচ। সম্প্রতি একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি দাবি করেছেন, বালোচিস্তানের মানুষ নিজেদের ভূখণ্ডেই পরাধীন। পাকিস্তান সরকার সেখানকার বাসিন্দাদের কখনও দেশের নাগরিক হিসেবে মর্যাদা দেয়নি, বরং তাদের সঙ্গে ক্রীতদাসের মতো আচরণ করছে।

ভিডিও বার্তায় ফারাহ বালোচ অভিযোগ করেন, বালোচিস্তানের মানুষ আর পাকিস্তানের অধীনে থাকতে চান না। এই পরিস্থিতিতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়েছেন, যেন তিনি বালোচিস্তানের জনগণের সংগ্রামের পাশে দাঁড়ান এবং বিশ্বমঞ্চে তাদের কণ্ঠস্বর হয়ে ওঠেন।

নিজের বার্তায় ফারাহ বালোচ বালোচিস্তানের মানুষের যন্ত্রণার কথা তুলে ধরে ভারতের সঙ্গে এক গভীর পার্থক্যের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভারতের মানুষ ভাগ্যবান যে তাঁরা দীপাবলি বা ইদের মতো উৎসব পরিবারের সঙ্গে উদযাপন করতে পারেন। অথচ বালোচিস্তানের বহু পরিবারকে উৎসবের দিনেও নিখোঁজ স্বজনদের সন্ধানে কোয়েটা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভে শামিল হতে হয়।

ভিডিওর শেষে ফারাহ বালোচ নিজেকে ভারতের ‘ছোট বোন’ হিসেবে অভিহিত করে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানান। এরপর ‘আজাদ বালোচিস্তান জিন্দাবাদ’ এবং ‘ভারত মাতার জয়’ স্লোগান দিয়ে তিনি নিজের বক্তব্য শেষ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *