সোমবার থেকে ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে, আগামী ৭ দিন কি ভাসবে বাংলা!

 

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ও উত্তরবঙ্গে, জারি হলুদ সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: নতুন সপ্তাহের শুরু থেকেই রাজ্যজুড়ে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, তবে ভারী বর্ষণের কোনো পূর্বাভাস আপাতত নেই। ভাইফোঁটার দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পাশাপাশি বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস থাকায় এই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবারের পর দক্ষিণবঙ্গে ফের আবহাওয়া শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও, মঙ্গলবার থেকে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
সপ্তাহের শুরুতে উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তনের আভাস মিলেছে। সোমবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া মঙ্গলবার ও বুধবার উত্তরের বাকি জেলাগুলোতেও হালকা ঝড়বৃষ্টি হতে পারে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় বজ্রপাতের বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়া আবারও শুষ্ক হয়ে উঠবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *