ট্রেন দুর্ঘটনা! রক্তে ভাসছে চারপাশ, উদ্ধার করা হলো একের পর এক দেহ

 

মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: সংঘর্ষে হতাহতের আশঙ্কা, তদন্তের নির্দেশ প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক: মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। রবিবার রাতে গিজা-ফাইয়ুমগামী একটি ট্রেন কায়রো-আসওয়ানগামী আরেকটি ট্রেনের শেষ কামরায় ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরই আশপাশের এলাকার বাসিন্দারা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শী আয়মান গামাল জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনের কামরায় আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় প্রায় ৮০ জন আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত কামরার ভেতরে বেশ কয়েকজনের মরদেহ পাওয়া গেছে বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। সমাজমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ ঘটনার নিরপেক্ষ তদন্তের কথা জানান। এদিকে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও ক্রেন পাঠানো হয়েছে। ধ্বংসাবশেষ সরিয়ে দ্রুত রেল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

মিশরে রেল দুর্ঘটনা নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই দেশটির রেল ব্যবস্থার জরাজীর্ণ অবস্থা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠছে। যদিও সরকার রেল পরিষেবা আধুনিকীকরণের বিভিন্ন উদ্যোগের কথা বলে আসছে। গত সেপ্টেম্বরেও আল-আয়াত এলাকায় মালগাড়ির সংঘর্ষে চালকসহ দু’জন আহত হয়েছিলেন। এছাড়া ২০০২ সালে মিশরের ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্ঘটনায় কায়রো থেকে দক্ষিণগামী একটি ট্রেনে অগ্নিকাণ্ডে ৩০০-রও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। এবার নতুন করে এই দুর্ঘটনায় মিশরের রেল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *