আধার কার্ডের দিন শেষ, পরিচয় যাচাইয়ে আসছে চমকপ্রদ প্রযুক্তি!

 

আধার কার্ডের ফটোকপি জমার ঝামেলা শেষ, আসছে ডিজিটাল ভেরিফিকেশন ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: আধার কার্ডের ফটোকপি জমা দেওয়ার দীর্ঘদিনের ঝক্কি থেকে মুক্তি পেতে চলেছেন সাধারণ মানুষ। পরিচয় যাচাইয়ের প্রক্রিয়াকে আরও সহজ ও সুরক্ষিত করতে ডিজিটাল নেটওয়ার্ক শক্তিশালী করছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)। এখন থেকে কাগজের পরিবর্তে অ্যাপ-ভিত্তিক ডিজিটাল যাচাইকরণ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউআইডিএআই সূত্রে খবর, এর জন্য একটি উন্নত ‘অফলাইন ভেরিফিকেশন সিস্টেম’ তৈরি করা হয়েছে। এই প্রক্রিয়ায় কোনো ব্যক্তি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে পরিষেবা নিতে গেলে তাকে আর আধার কার্ডের ফটোকপি দিতে হবে না। এর পরিবর্তে ব্যবহারকারীর সম্মতিক্রমে অ্যাপের মাধ্যমে তৎক্ষণাৎ পরিচয় যাচাই করা যাবে। ব্যবহারকারী নিজেই ঠিক করতে পারবেন, তার আধারের কতটা তথ্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে শেয়ার করা হবে।

এই ব্যবস্থার আওতায় স্কুল-কলেজ, হাসপাতাল, হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে সুইগি বা জোম্যাটোর মতো ডেলিভারি সংস্থা এবং বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানসহ প্রায় ৩০০-এর বেশি সংস্থাকে ‘অফলাইন ভেরিফিকেশন সিকিং এন্টিটিস’ (OVSE) হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

কর্তৃপক্ষের দাবি, এই নতুন ডিজিটাল ব্যবস্থাটি পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী সম্পূর্ণ নিরাপদ। এর প্রধান লক্ষ্য হলো—কাগজপত্রের ঝামেলা কমানো এবং তথ্যের অপব্যবহারের ঝুঁকি রোধ করা। এই ব্যবস্থায় কেবল ন্যূনতম প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের সুযোগ থাকবে, যা নাগরিকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করবে।

উল্লেখ্য যে, ২০১৭ সালের জানুয়ারি মাস থেকে এই পরিষেবা আরও কার্যকর ও উন্নত রূপে সাধারণ মানুষের নাগালে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইউআইডিএআই। এর মাধ্যমে স্মার্টফোনের সাহায্যেই খুব সহজে এবং কাগজবিহীন উপায়ে পরিচয় যাচাই করা সম্ভব হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *