বিয়ের পর চাকরি বা উচ্চশিক্ষা স্ত্রীর অধিকার, দয়া নয়: ঝাড়খণ্ড হাইকোর্ট
বিয়ের পর স্ত্রীর উচ্চশিক্ষা ও চাকরি করার অধিকারকে স্বামীর উদারতা বা অনুগ্রহ হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছে ঝাড়খণ্ড হাইকোর্ট। জামশেদপুরের পারিবারিক আদালতের রায় খারিজ করে প্রধান বিচারপতি এম এস সোনক এবং বিচারপতি মনোজ প্রসাদের ডিভিশন বেঞ্চ এই পর্যবেক্ষণ দিয়েছে। স্বামীর বিরুদ্ধে নিষ্ঠুরতার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্ত্রীর বিবাহবিচ্ছেদের আবেদনও মঞ্জুর করেছে আদালত।
মামলার বিবরণ অনুযায়ী, ওই দম্পতির বিয়ে হয় ২০০৪ সালে। সম্পর্কের অবনতি হলে স্ত্রী হিন্দু বিবাহ আইনের ১৩(১)(আইএ) ধারায় বিবাহবিচ্ছেদের আবেদন করেন। তাঁর অভিযোগ ছিল, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন করতেন এবং যৌতুক চাইতেন। স্বামী তাঁকে চাকরি ছাড়তে বাধ্য করেন বলেও অভিযোগ করেন তিনি। তাঁর আরও অভিযোগ, মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য স্বামী ৫ লক্ষ টাকা দাবি করেন এবং সেই দাবি পূরণ না হওয়ায় তাঁর ওপর অত্যাচার চালানো হয়।
২০১৯ সালে জামশেদপুরের পারিবারিক আদালত স্ত্রীর বিবাহবিচ্ছেদের আবেদন খারিজ করে দেয়। সেই রায়ে তাঁকে অতি উচ্চাকাঙ্ক্ষী হিসেবে উল্লেখ করা হয়। স্ত্রীকে উচ্চশিক্ষা ও চাকরি করার অনুমতি দেওয়াকে স্বামীর উদার ও সহযোগিতামূলক মনোভাবের পরিচয় হিসেবে দেখেছিল পারিবারিক আদালত। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন স্ত্রী।
হাইকোর্ট জানায়, দাম্পত্য সম্পর্কে স্বামী ও স্ত্রী সমান অংশীদার। তাঁদের সম্পর্ক কারও শ্রেষ্ঠত্ব বা অন্যের ওপর আধিপত্যের ভিত্তিতে গড়ে উঠতে পারে না। স্ত্রীর উচ্চশিক্ষা বা চাকরিকে স্বামীর বিশেষ অনুগ্রহ হিসেবে দেখাও ঠিক নয়।
বেঞ্চের পর্যবেক্ষণ, বিয়ের পর স্বামীর পড়াশোনা বা চাকরি করাকে স্বাভাবিক বলে মানা হলে স্ত্রীর একই ইচ্ছাকে অস্বাভাবিক বা অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার পরিচয় বলা যায় না। এই ধরনের লিঙ্গভিত্তিক ধারণার ভিত্তিতে স্ত্রীর আবেদন খারিজ করা উচিত হয়নি।
শেষ পর্যন্ত পারিবারিক আদালতের রায় খারিজ করে নিষ্ঠুরতার ভিত্তিতে ওই মহিলার বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর করে ঝাড়খণ্ড হাইকোর্ট।