ঠাকুরদার সম্পত্তিতে নাতির জন্মগত অধিকার নেই, বড় রায় সুপ্রিম কোর্টের

ঠাকুরদার সম্পত্তিতে নাতির জন্মগত অধিকার নেই বলে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। হিন্দু উত্তরাধিকার আইন, ১৯৫৬-র ধারা ৮ অনুযায়ী, কোনো ব্যক্তি তাঁর বাবার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে যে সম্পত্তি পান, তাতে তাঁর নিজের ছেলের জন্মগত কোনো অধিকার থাকে না। বিশেষ করে যখন সেই সম্পত্তি আগেই ঠাকুরদার আইনি উত্তরাধিকারীদের মধ্যে ভাগ হয়ে গিয়েছে, তখন নাতি সেই সম্পত্তিতে নিজের দাবি জানাতে পারেন না।

মামলার প্রেক্ষাপট অনুযায়ী, ১৯৯৭ সালে এক ব্যক্তি তাঁর ঠাকুরদা এন রামকৃষ্ণের ১,৮১১ স্কোয়ারফুট সম্পত্তির অর্ধেকের অধিকার দাবি করে মামলা করেছিলেন। তাঁর দাবি ছিল, উত্তরাধিকার সূত্রে ওই সম্পত্তিতে তাঁর অধিকার রয়েছে। তবে আদালত জানিয়েছে, হিন্দু উত্তরাধিকার আইনের ধারা ৮ অনুযায়ী, বাবা উত্তরাধিকারসূত্রে পাওয়া জমির একক মালিক হয়ে যান। ফলে সেই সম্পত্তিতে তাঁর ছেলের জন্মগত কোনো অধিকার বর্তায় না।

শীর্ষ আদালত স্পষ্ট করেছে যে, কোনো হিন্দু ব্যক্তি মারা গেলে তাঁর সম্পত্তি আইন অনুযায়ী নির্দিষ্ট প্রথম শ্রেণির উত্তরাধিকারীদের কাছে যায়। এই তালিকায় পুত্র এবং মৃত পুত্রের পুত্র অন্তর্ভুক্ত থাকলেও, জীবিত পুত্রের পুত্র বা নাতিকে অন্তর্ভুক্ত করা হয়নি। তাই কেবল পিতা উত্তরাধিকারসূত্রে সম্পত্তি পেয়েছেন বলেই নাতি সেই সম্পত্তিতে জন্মগত অধিকার দাবি করতে পারেন না। হাইকোর্টের রায় বহাল রেখেই এই পর্যবেক্ষণ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *