স্বচ্ছতা অভিযানে ৬২৮ কোটি টাকা আয় ভারতীয় রেলের

ভারতীয় রেলের বিশেষ স্বচ্ছতা অভিযানে এক মাসে ৬২৮ কোটি টাকা আয় হয়েছে। গত ২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে এই বিশেষ অভিযান চালানো হয়। রেলমন্ত্রকের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে সারা দেশে এক লক্ষেরও বেশি পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন হয়েছে। এর পাশাপাশি প্রায় দেড় লক্ষ ইউনিট ইলেকট্রনিক বর্জ্য সঠিকভাবে নিষ্কাশন করা হয়েছে।

অভিযানের ফলে রেলের বিভিন্ন জোনাল অফিস, ডিভিশন, প্রোডাকশন ইউনিট এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর দীর্ঘদিনের জমে থাকা অপ্রয়োজনীয় স্ক্র্যাপ বা বাতিল সামগ্রী বিক্রি করা সম্ভব হয়েছে। এই স্ক্র্যাপ বিক্রির ফলে রেলের প্রায় ৬ লক্ষ ২০ হাজার বর্গফুট জায়গা খালি হয়েছে, যা আয়তনে ১৪ একরেরও বেশি। শুধুমাত্র ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনা ও নিষ্কাশন থেকেই রেলের ১০.৪৩ কোটি টাকা আয় হয়েছে।

রেলমন্ত্রক জানিয়েছে, এই বিশেষ অভিযানের মাধ্যমে সাধারণ মানুষের অভিযোগ ও আপিল দ্রুত নিষ্পত্তির ওপর জোর দেওয়া হয়েছে। গত ২২ অক্টোবর দেশজুড়ে ৫৮৮৪টি স্থানে ‘রেল জন সংবাদ’ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ যাত্রীরা সরাসরি রেলের কর্মকর্তাদের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি সমাধানের পরামর্শ দেওয়ার সুযোগ পেয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *