স্বচ্ছতা অভিযানে রেকর্ড আয় ভারতীয় রেলের, এক মাসে ৬২৮ কোটি টাকার স্ক্র্যাপ বিক্রি

ভারতীয় রেলের সাম্প্রতিক স্বচ্ছতা অভিযানে বড় সাফল্য অর্জিত হয়েছে। রেলমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে এক লক্ষেরও বেশি পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। এই বিশেষ উদ্যোগের মাধ্যমে রেলের বিভিন্ন জোনাল অফিস, ডিভিশন, প্রোডাকশন ইউনিট এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে জমে থাকা অপ্রয়োজনীয় স্ক্র্যাপ বা বাতিল সামগ্রী বিক্রি করা হয়েছে। এর ফলে রেলের কোষাগারে ৬২৮ কোটি টাকা আয় হয়েছে।

এই অভিযানের ফলে রেলের প্রায় ৬ লক্ষ ২০ হাজার বর্গফুট বা ১৪ একরেরও বেশি জায়গা দখলমুক্ত হয়েছে। স্ক্র্যাপ বিক্রির পাশাপাশি ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছিল। প্রায় ১.৫ লক্ষ ইউনিট ইলেকট্রনিক বর্জ্য সঠিকভাবে নিষ্কাশন করা হয়েছে, যা থেকে ১০.৪৩ কোটি টাকা আয় হয়েছে। দীর্ঘদিন ধরে পড়ে থাকা বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রেও এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

স্বচ্ছতা অভিযানের পাশাপাশি যাত্রী পরিষেবার মানোন্নয়নেও রেল কর্তৃপক্ষ উদ্যোগী হয়েছে। গত ২২ অক্টোবর দেশজুড়ে ৫৮৮৪টি স্থানে ‘রেল জন সংবাদ’ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ যাত্রীরা সরাসরি রেল আধিকারিকদের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি বিভিন্ন পরামর্শ দেওয়ার সুযোগ পেয়েছেন। রেলের দাবি, এই ধরনের উদ্যোগের ফলে প্রশাসনিক কাজে গতি আসার পাশাপাশি যাত্রী ও রেলের মধ্যে সংযোগ আরও সুদৃঢ় হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *