ভারতে ইভি উৎপাদন ও রফতানি বাড়াতে বড় পরিকল্পনা স্কোডা-ভক্সওয়াগনের
ভারতে অটোমোবাইল শিল্পের প্রসারে বড়সড় ব্লু-প্রিন্ট ঘোষণা করল স্কোডা-ভক্সওয়াগন। সম্প্রতি নয়াদিল্লিতে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পীযূষ অরোরা এবং কোম্পানির প্রতিনিধিরা সরকারি আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন। এই বৈঠকের মূল লক্ষ্য ছিল দেশের অটোমোবাইল শিল্পকে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তোলা।
বৈঠকে বৈদ্যুতিক গাড়ির উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিগত উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, দেশীয় যন্ত্রাংশের ব্যবহার বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানোর বিষয়েও আলোচনা হয়েছে। ভারতের সাপ্লাই চেইনকে শক্তিশালী করে দেশকে বিশ্বমানের গাড়ি রফতানির প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলাই সংস্থার অন্যতম লক্ষ্য। সরকারি সূত্রে জানানো হয়েছে, এই উদ্যোগ ভারতের গাড়ি শিল্পের সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ তৈরিতে সহায়ক হবে।
উৎপাদন ও রফতানির পাশাপাশি গ্রাহক পরিষেবা নেটওয়ার্ক বাড়াতেও তৎপর স্কোডা অটো ইন্ডিয়া। বর্তমানে দেশের ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১৯৩টি শহরে সংস্থার ৩৫০টিরও বেশি টাচপয়েন্ট রয়েছে। সম্প্রতি মণিপুরের ইম্ফলে নতুন আউটলেট চালুর মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলেও নিজেদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে এসএভিজিডব্লিউআইপিএল গ্রুপ। কেন্দ্রের নীতি ও আন্তর্জাতিক ব্র্যান্ডের এই যৌথ উদ্যোগ ভারতের অটোমোবাইল সেক্টরকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।