কুলগামে সিআরপিএফ জওয়ানদের ওপর জঙ্গি হামলা, আহত তিন

জম্মু ও কাশ্মীরের কুলগামে সিআরপিএফ জওয়ানদের ওপর অতর্কিত হামলা চালাল জঙ্গিরা। জাতীয় সড়ক থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত একটি নিরাপত্তা পয়েন্টে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় তিন সিআরপিএফ জওয়ান গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আহত জওয়ানদের দ্রুত উদ্ধার করে অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন হেড কনস্টেবল সোমবীর সিং, কনস্টেবল রাকেশ দাস এবং সন্তোষ চন্দ্রু। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের বাসিন্দা সন্তোষ চন্দ্রুর পেট ও মেরুদণ্ডে আঘাত লেগেছে। তাঁর অবস্থা গুরুতর হলেও বর্তমানে স্থিতিশীল। এছাড়া আসামের রাকেশ দাসের পায়ে এবং মধ্যপ্রদেশের সোমবীর সিংয়ের বাহুতে গুলি লেগেছে। তাঁদের অবস্থাও স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

সিআরপিএফ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আহত জওয়ানদের সর্বোত্তম চিকিৎসা প্রদান করা হচ্ছে। হামলাকারীদের চিহ্নিত করতে এবং তাদের পাকড়াও করতে নিরাপত্তা বাহিনীর তরফে একটি মাল্টি-এজেন্সি অভিযান শুরু করা হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হচ্ছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান জোরদার করেছে নিরাপত্তা বাহিনী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *