সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে নিখোঁজ মৎস্যজীবী
সুন্দরবনের নেতিধোপানি সংলগ্ন জাহাজ ফোড়ন এলাকার উত্তর পাড়ে কাঁকড়া ধরার সময় বাঘের আক্রমণের শিকার হলেন এক মৎস্যজীবী। ১০ নভেম্বর সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, জঙ্গল থেকে আচমকাই বেরিয়ে আসে একটি রয়্যাল বেঙ্গল টাইগার এবং প্রদীপ রায় নামে ওই মৎস্যজীবীর ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে তাঁকে টেনে গভীর জঙ্গলের ভেতরে নিয়ে যায় বাঘটি।
ঘটনার সময় প্রদীপ রায়ের সঙ্গে থাকা অন্যান্য মৎস্যজীবীরা দূর থেকে পুরো বিষয়টি প্রত্যক্ষ করলেও বাঘের সামনে তাঁরা অসহায় হয়ে পড়েন। সহকর্মীর প্রাণ বাঁচাতে তাঁরা কোনো পদক্ষেপ নিতে পারেননি। পরে তাঁরা গ্রামে ফিরে এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এই খবর ছড়িয়ে পড়তেই প্রদীপ রায়ের পরিবারে শোকের ছায়া নেমে আসে এবং আত্মীয়স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
ঘটনার খবর পাওয়ার পর বনদফতর ও ঝড়খালি কোস্টাল থানার পুলিশ তদন্ত শুরু করেছে। নিখোঁজ মৎস্যজীবীর সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে কি না, তা নিয়ে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। সুন্দরবনের জঙ্গল এলাকায় মৎস্যজীবীদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠছে এই ঘটনার পর।