দীপাবলির বাজি ও দূষণ নিয়ে বিতর্কিত মন্তব্য যোগী আদিত্যনাথের
দীপাবলির উৎসবের মরশুমে বাজি পোড়ানো এবং পরিবেশ দূষণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি অভিযোগ করেন, যারা নিজেদের দুর্নীতি ও অপকর্মের মাধ্যমে সমাজব্যবস্থাকে কলুষিত করে রেখেছেন, তাদের নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলেন না। অথচ সাধারণ মানুষ যখন বছরের একটি দিনে আনন্দ উদযাপনের জন্য বাজি ফাটান, তখনই পরিবেশ ও দূষণ নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়।
উৎসবের মরশুমে বাজি পোড়ানোর ফলে বাতাসের গুণমান খারাপ হওয়া নিয়ে সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি রাজ্যবাসীকে আশ্বস্ত করে বলেন, সাময়িকভাবে দূষণ বাড়লেও তা সময়ের সঙ্গে সঙ্গে আপনাআপনিই কমে যায়। উৎসবের আনন্দ ও ঐতিহ্য বজায় রেখেই মানুষ যাতে নিজেদের মতো করে আনন্দ উপভোগ করতে পারে, সেই পক্ষে সওয়াল করেছেন তিনি।
উল্লেখ্য, প্রতি বছর দীপাবলির পর দিল্লি ও সংলগ্ন এনসিআর অঞ্চলসহ উত্তর ভারতের একাধিক শহরে বাতাসের গুণমান সূচক বা একিউআই বিপদসীমা ছাড়িয়ে যায়। বহু এলাকায় দূষণের মাত্রা গুরুতর পর্যায়ে পৌঁছায় এবং বিস্তীর্ণ এলাকা ধোঁয়াশার চাদরে ঢাকা পড়ে। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য উৎসবের মরশুমে নতুন করে রাজনৈতিক ও পরিবেশগত বিতর্কের জন্ম দিয়েছে।