ভারতের ভিসা নিয়মে বড় বদল: সহজ হলো আবেদন প্রক্রিয়া, নতুন ক্যাটাগরিতে ভাগ করা হলো ভিসা
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ভারতের ভিসা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার এনেছে। নতুন নিয়মে ভিসার সাব-ক্যাটাগরির সংখ্যা ৪৯ থেকে কমিয়ে ২৩ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া সহজ করতে প্রয়োজনীয় তথ্যের ক্ষেত্র বা ফিল্ড ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। সরকার জানিয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এবং বিশ্বের উন্নত দেশগুলোর ভিসা ব্যবস্থা পর্যালোচনা করেই এই পরিবর্তন আনা হয়েছে। ২০২৬ সালের শেষের দিকে এই নতুন কাঠামো পুরোপুরি কার্যকর করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থায় ট্যুরিস্ট ভিসার নাম বদলে ‘ভিজিটর ভিসা’ করা হয়েছে, যা ভি-১ এবং ভি-২ এই দুই ভাগে বিভক্ত। এর আওতায় পর্যটনের পাশাপাশি ব্যবসায়িক বৈঠক, স্বল্পমেয়াদি চিকিৎসা, যোগা কোর্স ও শিল্পকলা সংক্রান্ত কাজের সুযোগ থাকবে। একইভাবে মেডিক্যাল ভিসার ক্ষেত্রে এম-১ ও এম-৩ ক্যাটাগরি চালু করা হয়েছে, যা সাধারণ ও আয়ুষ চিকিৎসার জন্য প্রযোজ্য। রোগীর সঙ্গীদের জন্য এম-২ ও এম-৪ ভিসার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে দীর্ঘমেয়াদি চিকিৎসার ক্ষেত্রে বারবার আবেদন করতে না হয়।
শিক্ষার্থী ও গবেষকদের জন্য এস-১ ও এস-২ নামে দুটি নতুন ভিসা বিভাগ তৈরি করা হয়েছে। এছাড়া বিজনেস ভিসাকে বি-১ ও বি-২ ভাগে ভাগ করা হয়েছে, যা দীর্ঘমেয়াদি বিনিয়োগ বা স্বল্পমেয়াদি কনফারেন্স ও শুটিংয়ের মতো কাজের জন্য সহায়ক হবে। বর্তমানে ১৭২টি দেশের নাগরিকরা ই-ভিসার সুবিধা পান। নতুন এই কাঠামোয় বিজনেস, কূটনৈতিক, কর্ম, সাংবাদিক, মেডিক্যাল, অফিসিয়াল, স্টুডেন্ট, ভিজিটর এবং মিসলেনিয়াস—এই ৯টি মূল ভিসা বিভাগ থাকবে। সরকারের দাবি, এই পরিবর্তনের ফলে বিদেশিদের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও দ্রুত ও সুবিধাজনক হবে।