শচীন-যুবরাজদের বিশেষ রেকর্ডে নাম লেখালেন লোকেশ রাহুল

ভারতের হয়ে ওডিআই ফরম্যাটে রান তাড়া করতে নেমে ১৬ বার নট-আউট থেকেছেন লোকেশ রাহুল এবং প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে ভারতীয় দল। এই ফরম্যাটে অন্তত ১৫ বা তার বেশিবার নট-আউট থেকে দলকে ম্যাচ জেতানোর নিরিখে রাহুল চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে এই রেকর্ড গড়েছেন। তার আগে শচীন টেন্ডুলকার ২৬ বার, যুবরাজ সিং ২৭ বার এবং সুরেশ রায়না ২৮ বার এই কৃতিত্ব অর্জন করেছেন।

রাহুলের এই পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত দলের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক। তিনি জানান, রাহুলের সবচেয়ে বড় গুণ হলো দলের প্রয়োজন অনুযায়ী নিজের ব্যাটিং পজিশন ও খেলার ধরন বদলে ফেলা। ওপেনার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও মিডল অর্ডারে তিনি নিজেকে দারুণভাবে মানিয়ে নিয়েছেন। কোটাকের মতে, রাহুলকে দেখে কখনোই মনে হয় না যে তিনি চাপের মধ্যে আছেন এবং তিনি সবসময় দলের আস্থার মর্যাদা রেখেছেন।

সাম্প্রতিক অতীতে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে চাপের মুখে রাহুলের দায়িত্বশীল ব্যাটিং তার গুরুত্ব প্রমাণ করেছে। এছাড়া গত দুই বছরে টেস্ট ফরম্যাটেও তিনি ভারতের অন্যতম ধারাবাহিক ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। স্ট্রাইক রোটেট করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বড় শট খেলার দক্ষতায় তিনি দলের অন্যতম মূল্যবান খেলোয়াড় হয়ে উঠেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *