ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পাঠানো যাবে টাকা, নতুন নিয়ম জারি করল আরবিআই
দেশের সাধারণ মানুষের আর্থিক লেনদেন সহজতর করতে এবং জালিয়াতি রুখতে নতুন নির্দেশিকা জারি করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। এখন থেকে কোনো ব্যক্তির নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও তিনি ব্যাঙ্কের শাখায় গিয়ে এনইএফটি (NEFT) পদ্ধতির মাধ্যমে অন্য কোনো ব্যক্তির অ্যাকাউন্টে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত পাঠাতে পারবেন। জরুরি প্রয়োজনে আত্মীয় বা পরিচিতদের টাকা পাঠানোর ক্ষেত্রে এই নিয়ম সাধারণ মানুষের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে।
টাকা পাঠানোর পাশাপাশি নগদ টাকা তোলার ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। কোনো ব্যাঙ্ক তার গ্রাহকের অ্যাকাউন্ট থেকে এমন ব্যক্তিকে টাকা পাঠাতে পারবে, যাঁর নিজস্ব অ্যাকাউন্ট নেই। তবে এক্ষেত্রে সুবিধাভোগী ব্যক্তি একটি একক লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা নগদ তুলতে পারবেন। এছাড়া এক মাসে ওই একই সুবিধাভোগী সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত নগদ সংগ্রহ করতে পারবেন। এই টাকা এটিএম, অনুমোদিত বিজনেস করেসপন্ডেন্ট বা অন্যান্য অনুমোদিত পেমেন্ট চ্যানেলের মাধ্যমে পাওয়া যাবে।
আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখতে আরবিআই বিশেষ কড়াকড়ি আরোপ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, নগদ জমা দেওয়ার পরিষেবা ব্যবহার করতে হলে গ্রাহকদের যথাযথ রেজিস্ট্রেশন করতে হবে এবং আরবিআই-এর কেওয়াইসি নির্দেশিকা ২০২৫ মেনে চলতে হবে। এক্ষেত্রে ভেরিফায়েড মোবাইল নম্বর এবং অফিশিয়ালি ভ্যালিড ডকুমেন্ট জমা দেওয়া বাধ্যতামূলক। পাশাপাশি, ডিজিটাল ও নগদ লেনদেনে প্রতারণা ঠেকাতে প্রতিটি লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত পরিচয় যাচাই বা অ্যাডিশনাল ফ্যাক্টর অফ অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। অস্বাভাবিক লেনদেন শনাক্ত করতে ব্যাঙ্কগুলিকে ভেলোসিটি চেক ব্যবস্থা চালু রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে।