ফোনে কথা শুনতে সমস্যা হচ্ছে? ঘরে বসেই সমাধান করুন এই উপায়ে
ফোনে কথা বলার সময় আওয়াজ কম শোনা গেলে আমরা সাধারণত নেটওয়ার্কের সমস্যা বলে ধরে নিই। কিন্তু সবসময় নেটওয়ার্কের দোষ থাকে না। ফোনের ইয়ারপিসে ধুলোবালি বা ময়লা জমে আওয়াজ আসার পথ বন্ধ হয়ে যেতে পারে। এক্ষেত্রে একটি নরম ও শুকনো ব্রাশ দিয়ে আলতো করে স্পিকারের অংশটি পরিষ্কার করা যেতে পারে। তবে পিন, ছুঁচ বা জল ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, কারণ এতে স্পিকারের সূক্ষ্ম যন্ত্রাংশ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
অনেক সময় ভুল মাপের স্ক্রিন গার্ড বা ফোনের কভার ব্যবহারের কারণেও ইয়ারপিস ঢাকা পড়ে যায়, যার ফলে আওয়াজ কমে যায়। নতুন কভার বা স্ক্রিন গার্ড লাগানোর পর সমস্যা হলে তা খুলে পরীক্ষা করে দেখা প্রয়োজন। এছাড়া কথা বলার সময় ফোনের ভলিউম বোতাম চেপে কলের ভলিউম বাড়ানো আছে কি না, তা নিশ্চিত করুন। অনেক সময় অজান্তেই ফোনের ব্লুটুথ অন্য কোনো ডিভাইসের সঙ্গে যুক্ত থাকে, যার ফলে আওয়াজ সেই ডিভাইসে চলে যায়। তাই কথা বলার সময় ব্লুটুথ সংযোগ পরীক্ষা করে নেওয়া জরুরি।
ফোনের সেটিংসে গিয়ে অডিও ব্যালান্স ঠিক আছে কি না, তাও যাচাই করা যেতে পারে। তবে এই সাধারণ পদ্ধতিগুলো অনুসরণ করার পরেও যদি সমস্যার সমাধান না হয় বা স্পিকার থেকে কড়কড় শব্দ আসে, তবে বুঝতে হবে এটি হার্ডওয়্যারজনিত কোনো বড় সমস্যা। সেক্ষেত্রে নিজে কোনো পরীক্ষা-নিরীক্ষা না করে দ্রুত কোম্পানির অনুমোদিত সার্ভিস সেন্টারে যোগাযোগ করাই শ্রেয়।