ভারতীয় যুবকদের মগজধোলাই করে স্লিপার সেল তৈরির ছক, তদন্তভার নিল এনআইএ
সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ভারতীয় যুবকদের বিভ্রান্ত করা এবং তাদের মাধ্যমে স্লিপার সেল তৈরির অভিযোগে তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। চলতি বছরের এপ্রিল মাসে উত্তরপ্রদেশ অ্যান্টি-টেররিজম স্কোয়াড (ইউপি এটিএস) এই বিষয়ে একটি এফআইআর দায়ের করেছিল। সেই রিপোর্টের সূত্র ধরেই এবার মামলার পূর্ণাঙ্গ তদন্তভার হাতে নিয়েছে এনআইএ। এই চক্রের মূল হোতা হিসেবে শাহজাদ ভাট্টি এবং পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা একাধিক আইএসআই এজেন্টের নাম উঠে এসেছে।
তদন্তকারী আধিকারিকদের তথ্য অনুযায়ী, শাহজাদ ভাট্টি ও তার সহযোগীরা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং সিগন্যালের মতো মেসেজিং অ্যাপের মাধ্যমে ভারতীয় যুবকদের টার্গেট করত। মোটা টাকা, চাকরি ও বিলাসবহুল জীবনের প্রলোভন দেখিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কাজে তরুণদের ব্যবহার করা হতো। উত্তরপ্রদেশের তুষার চৌহান এবং দিল্লির সমীর নামে দুই ভারতীয় নাগরিককে এই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আগেই গ্রেপ্তার করা হয়েছে।
গত ১০ জানুয়ারি হরিয়ানার আম্বালায় একটি আইইডি বিস্ফোরণের তদন্ত করতে গিয়ে এই অনলাইন চক্রের আসল রূপ প্রকাশ্যে আসে। তদন্তে দেখা যায়, এই নেটওয়ার্কের মূল কাজ ছিল হুমকি দেওয়া, তোলাবাজি এবং পেট্রল বোমা হামলার মতো অপরাধমূলক কাজে স্থানীয় যুবকদের ব্যবহার করা। গত সেপ্টেম্বর মাসে কেন্দ্র সরকার বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) আওতায় ‘শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক’-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। বর্তমানে এনআইএ এই আন্তঃসীমান্ত ষড়যন্ত্রের গভীরে পৌঁছাতে তদন্ত চালিয়ে যাচ্ছে।